দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৭ এপ্রিল অবধি ভিস্তারা এয়ারলাইন্সের কোনও প্লেনে উঠতে পারবেন না কমেডিয়ান কুণাল কামরা। গত জানুয়ারি মাসে অভিযোগ ওঠে, কুণাল ইন্ডিগোর বিমানের মধ্যে সাংবাদিক অর্ণব গোস্বামীকে হেনস্থা করেছেন। অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য ইন্ডিগো একটি কমিটি তৈরি করে। সেই কমিটি কমেডিয়ানকে দোষী সাব্যস্ত করেছে। এরপর ভিস্তারাও তাঁর ওপরে নিষেধাজ্ঞা জারি করল।
গত ২৮ জানুয়ারি ইন্ডিগো ঘোষণা করে, কুণাল কামরাকে আগামী ছ'মাসের জন্য তাদের বিমানে উঠতে দেওয়া হবে না। পরে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে তিন মাস করা হয়। ইন্ডিগোর পরে এয়ার ইন্ডিয়া, গোএয়ার এবং স্পাইসজেটও কুণালের ওপরে নিষেধাজ্ঞা জারি করে। তখন কিন্তু ভিস্তারা নিষেধাজ্ঞা জারি করেনি।
এর আগে কুণাল টুইট করে বলেন, “বিমানে যাওয়ার সময় আমি অর্ণব গোস্বামীকে দেখি। আমি তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু উনি ফোনে ব্যস্ত ছিলেন। তাই আমি অপেক্ষা করি। তারপর ওনার সাংবাদিকতা আমার কেমন লাগে সে ব্যাপারে আমি কিছু কথা বলি। কিন্তু উনি আমার সঙ্গে কথা বলতে চাননি। আমাকে মানসিকভাবে অসুস্থ বলেন উনি। তাই আমি ওনার ব্যাপারে কিছু কথা বলি। ওনার কানে হেডফোন ছিল। ওনার শো’তে যেভাবে সবার সঙ্গে কথা বলা হয়, সেভাবেই কথা বলছিলাম আমি। তারপর অবশ্য বিমানকর্মীরা আমাকে বললে আমি নিজের সিটে এসে বসি। আমি প্রত্যেক বিমানকর্মী ও পাইলটের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। অন্য যাত্রীদের কাছেও ক্ষমা চাইছি। কিন্তু একজনের কাছে নয়।”
পরে আর একটি টুইট করে কুণাল বলেন, এই কাজ তিনি করেছেন তাঁর হিরো রোহিত ভেমুলার জন্য। জাতপাতের বৈষম্যের শিকার হয়ে আত্মঘাতী হয়েছিলেন হায়দরাবাদের দলিত ছাত্র রোহিত। তার আগে একটি সুইসাইড নোটে এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। এই ঘটনার পরে নিজের শোয়ে রোহিত ভেমুলার মায়ের জাতপাত নিয়ে কথা বলেন অর্ণব গোস্বামী। সেই প্রসঙ্গকেই তুলে আনেন কুণাল।