
শেষ আপডেট: 3 September 2023 15:23
দ্য ওয়াল ব্যুরো: সত্যিই ‘বিশাল’ তিনি!
দলের প্রয়োজনে তিনি সবসময় এগিয়ে এসেছেন। নিজের 'বিশ্বস্ত' হাত দিয়ে বারবার দলের নিশ্চিত পতন রোধ করেছেন।
রবিবার ডুরান্ড কাপ (Durand Cup 2023) ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও বিশাল কাইথ (Vishal Kaith) দেখিয়ে দিলেন কেন তাঁকে ‘অপ্রতিরোধ্য’ বলা হয়। রবিবার ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি নিশ্চিত গোল আটকে গিয়েছে তাঁর চিনের প্রাচীরের মতো দস্তানায়। ম্যাচ শেষে সেই পুরস্কারও পেলেন তিনি। জিতে নিলেন 'গোল্ডেন গ্লাভস' (Golden Glove)!
সিমলা থেকে ১২৫ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা এক গ্রামে জন্ম বিশালের। সেখানেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল অগাধ ভালবাসা। পড়ার বইয়ের থেকে খেলার মাঠ ছিল বেশি প্রিয়। ৬ ফুট ২ ইঞ্চির উচ্চতার বিশাল বারবার মোহনবাগানের গোলের সামনে ‘ওয়াল’ হয়ে গিয়েছেন।
ভলিবল খেলার স্বপ্ন ছিল, উচ্চতা তাঁর এমনই বারবার অনায়াসে জ্যাব করে বিপক্ষকে ঘায়েল করে দিতেন। কিন্তু পরে বিশালের সেই স্বপ্নে জায়গা করে নেয় ফুটবল, আরও ভাল করে বললে গোলকিপিং। ভাল খেলার জন্য ভারতীয় জুনিয়র দলে সুযোগ পেয়েছিলেন। তারপর আইএসএল। পুণে সিটির হয়ে আইএসএল খেলা শুরু করেন। তারপর আইএসএলে ভাল খেলার ফল হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বছর ২৬-এর ছেলেটা। চেন্নাইয়িন হয়ে মোহনবাগানের পালতোলা নৌকায় উঠে পড়েন। বাকিটা এখন ইতিহাস। সবুজ-মেরুন জার্সিতে তিনি একের পর এক ম্যাচে নিজের সেরাটা দিয়ে গিয়েছেন। তিনি সমর্থকদের ভরসাস্থল।
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, হাতের মতো বিশালের পা-ও খুব বিশ্বস্ত। বাগান কোচ জুয়ান ফেরান্দোরও খুব পছন্দের তিনি। দিমিত্রি পেত্রাতোসের গোলে মোহনবাগান ডুরান্ড ফাইনাল ও ডার্বি জিতলেও আলোচনায় থাকবেন বিশালও। তিনিও মোহনবাগানের সোনার ছেলে, সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি।
আরও পড়ুন: ডুরান্ড কাপে গোল্ডেন গ্লাভস পেলেন কাইথ, গোল্ডেন বল জিতলেন নন্দকুমার