পুরীর মন্দিরে ঢুকতে আর দেখাতে হবে না করোনা টেস্টের রিপোর্ট, জানুন কবে থেকে
দ্য ওয়াল ব্যুরো: জগন্নাথ দর্শনে আর কোনও কড়া নিয়মের বাধা রইল না। দীর্ঘ ন’মাস বন্ধ থাকার পরে ২৩ ডিসেম্বর খুলেছিল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। কিন্তু মন্দির কমিটি নির্দেশ দিয়েছিল, ভক্তদের মন্দিরে ঢুকতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতা
শেষ আপডেট: 10 January 2021 18:30
দ্য ওয়াল ব্যুরো: জগন্নাথ দর্শনে আর কোনও কড়া নিয়মের বাধা রইল না। দীর্ঘ ন’মাস বন্ধ থাকার পরে ২৩ ডিসেম্বর খুলেছিল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। কিন্তু মন্দির কমিটি নির্দেশ দিয়েছিল, ভক্তদের মন্দিরে ঢুকতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক। ৪৮ ঘণ্টা আগের করোনার টেস্টের রিপোর্ট দেখালে তবেই ভেতরে ঢোকার অনুমতি মিলবে। তবে এখন মন্দির কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই নিয়ম তুলে দেওয়া হবে। আগামী ২১ জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে।
পুরীর জেলাশাসক সমর্থ ভর্মা, পুলিশ সুপার কে বি সিংয়ের সঙ্গে গতকালই জরুরি বৈঠক করেছিলেন ‘শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন’ (এসজেটিএ) তথা মন্দির কমিটির প্রধান কৃষাণ কুমার। মন্দিরে প্রবেশাধিকার ও কোভিড গাইডলাইন নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। স্থানীয় বাসিন্দারা ছাড়াও ভিন্ রাজ্যের পুণ্যার্থীদের ক্ষেত্রে মন্দিরে ঢোকার কী নিয়ম হবে সে ব্যাপারে আলোচনা হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে মন্দিরে প্রবেশে আর কোভিড টেস্টের রিপোর্ট দেখানোর প্রয়োজন নেই। তবে কিছু নিয়ম মানতে হবে ভক্তদের।
২৩ ডিসেম্বর জগন্নাথ মন্দিরের দরজা খোলার পর থেকে তিনটি ধাপে দর্শনের নিয়ম বেঁধে দেওয়া হয়। মন্দির কমিটি নির্দেশ দেয়, ২৬ ডিসেম্বর অবধি শুধুমাত্র মন্দিরের সেবায়েতদের পরিবারের লোকজনেরাই ভেতরে ঢপকতে পারবেন। নির্দিষ্ট সময়ের জন্যই দর্শনের অনুমতি দেওয়া হবে। পরের পর্যায়ে ৩ জানুয়ারি অবধি মন্দিরে প্রবেশের অধিকার শুধুমাত্র পুরীর স্থানীয় লোকজনদের। তবে মন্দির চত্বরে ভিড় করা চলবে না। কোনদিন কোন কোন ওয়ার্ড থেকে ভক্তরা মন্দিরে ঢুকতে পারবেন সে তালিকাও বেঁধে দেওয়া হয়। তৃতীয় পর্যায়ে ৩ জানুয়ারির পর থেকে ভিন রাজ্যের দর্শনার্থীদেরও ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে কোভিড টেস্টের রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করা হয়।
মন্দির কমিটি জানিয়েছে, করোনা রিপোর্ট না দেখালেও কিছু নিয়ম মানতে হবে, যেমন—
- বয়স্কদের জন্য মন্দিরে ঢোকার আলাদা লাইন করা হবে। সেখানে পারস্পরিক দূরত্ব মেনে লাইনে দাঁড়াতে হবে।
- প্রতিদিন ৩০ হাজার দর্শনার্থীকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে। তবে কোভিড প্রটোকল কড়াভাবে মানতে হবে।
- মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, ভক্তদের সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণই কাম্য। আগে মন্দিরের ভেতরে যেভাবে ভিড় হত এখন তা একেবারেই বন্ধ।
- মন্দিরের ভেতরে মাস্ক পরা বাধ্যতামূলক। সোশ্যাস ডিস্টেন্সিংয়ের নিয়ম মেনেই হবে দর্শন।
- মন্দিরের ভেতরে প্রদীপ বা ফুল নিয়ে যাওয়া চলবে না। ভোগ বিতরণের ক্ষেত্রেও নিয়ম মানবে মন্দির কর্তৃপক্ষ।