
শেষ আপডেট: 30 March 2022 08:33
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তা। আর পাঁচটা দিনের মতোই লোকজন চলাফেরা করছে সেখানে। টুকটাক গাড়িও চলছে। সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই দুঃসাহসিক এক কাজ করে বসলেন এক মহিলা (Viral Video)। পরনে বোরখা। ব্যাগ থেকে বোমা বের করে ছুড়ে দিলেন পুলিশ ক্যাম্পের দিকে। সঙ্গে সঙ্গে হুলস্থূল।
আরও পড়ুন: ১১ দিনে ৬ হাজার কিলোমিটার! দৌড়ের মাইলফলক, রাজস্থানের তরুণীর দুরন্ত রেকর্ড
ঘটনাস্থল জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলা। সেখানকার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে বোম ছোড়া হয় গতকাল সন্ধ্যাবেলা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। স্পষ্ট দেখা গেছে আদ্যোপান্ত বোরখায় মুড়ে হাঁটতে হাঁটতে এক মহিলা অবলীলায় এই কাজ করলেন। সিকিউরিটি ক্যাম্পের দিকে বোমা ছুড়েই পালিয়ে গেলেন নিমেষে।
সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোমহর্ষক সেই ভিডিও দেখেছেন প্রচুর মানুষ। কী আছে তাতে? দেখা যাচ্ছে, এক বোরখা পরা মহিলা আর পাঁচজনের মতোই হেঁটে আসছিলেন রাস্তার ধার ঘেঁষে। হঠাৎ মাঝরাস্তায় তিনি দাঁড়িয়ে পড়েন। ব্যাগ হাতড়াতে দেখা যায় তাঁকে। রাস্তার মাঝে হঠাৎ থেমে ব্যাগে কী খুঁজছেন মহিলা? একথা ভাবতে না ভাবতেই দেখা যায় ব্যাগ থেকে তিনি বের করে এনেছেন বোমা। ছুড়ে দিয়েছেন সিকিউরিটি ক্যাম্পের দিকে। তারপরই ছুটে পালিয়েছেন এলাকা থেকে।
পুলিশ জানিয়েছে বোমাটি সিকিউরিটি ক্যাম্পের ঠিক বাইরেই পড়েছে। এতে কেউ ঘায়েল হয়নি। মহিলাকে ইতিমধ্যে চিহ্নিত করেছে পুলিশ। উপত্যকাজুড়ে তাঁর খোঁজে চলছে চিরুনিতল্লাশি। দ্রুত পুলিশের জালে ধরা পড়বে ওই মহিলা, মনে করছেন সকলে।