দ্য ওয়াল ব্যুরো : সোমবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২৫ সেকেন্ডের এক ভিডিও ক্লিপ (video clip)। তাতে দেখা যায়, কৃষকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। এমন সময় তাঁদের ওপর দিয়ে আচমকাই চালিয়ে দেওয়া হল একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। ভিডিও-য় দাবি করা হয়েছে, রবিবার লখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভের সময় ওই ছবি তোলা হয়েছিল। গাড়ির চালকের আসনে কে আছেন, ভিডিওতে বোঝা যায়নি। ওই ভিডিও সত্যিই লখিমপুর খেরির বিক্ষোভের সময় তোলা হয়েছিল কিনা, তা নিশ্চিত করে জানায়নি পুলিশ।
অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী অজয়কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ি কৃষকদের ধাক্কা মেরেছিল। ওই ঘটনায় চার কৃষক সহ আটজন নিহত হন। ভিডিওতে দেখা যাচ্ছে, এসইউভি-র ধাক্কায় কয়েকজন কৃষক মাটিতে পড়ে গিয়েছেন। পালানোর চেষ্টা করছেন অনেকে। অপর একটি গাড়ি সাইরেন বাজিয়ে প্রথম গাড়িটির পিছু পিছু ঢুকে গেল ভিড়ের মধ্যে। কৃষকরা বলেছিলেন, রবিবার গাড়িটি আচমকা পিছন থেকে জমায়েতের মধ্যে ঢুকে পড়ে। ভিডিওতে সেরকমই দেখা গিয়েছে। এসইউভি-র রং-ও কৃষকদের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে।
রবিবার কৃষকরা মৃতদেহগুলির সৎকার করেননি। তাঁরা দেহগুলি ঘিরে সারা রাত বিক্ষোভ দেখান। সোমবার সকালে তাঁদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। সরকার প্রতিশ্রুতি দেয়, মৃতদের পরিবারগুলিকে ৪৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা আহত হয়েছেন, তাঁরা ক্ষতিপূরণ পাবেন ১০ লক্ষ টাকা করে। এই প্রতিশ্রুতি পাওয়ার পরে আন্দোলন তুলে নেন কৃষকরা। মৃত চারজনের শেষকৃত্য করার প্রস্তুতি শুরু হয়।
ইতিমধ্যে আশিস মিশ্রের বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে। সোমবার পুলিশ আশ্বাস দেয়, মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। মন্ত্রী অবশ্য দাবি করেছেন, তাঁর ছেলে ঘটনাস্থলে ছিলেন না। তাঁর পাল্টা অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি ও তলোয়ার নিয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করেছিল। তাদের হামলায় গাড়ি উল্টে গেলে চারজন মারা যান। কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, মৃতরা হলেন লাভপ্রীত সিং (২৪), নাচাত্তার সিং (৬০), দলজিৎ সিং (৩২) এবং গুরবিন্দর সিং (২০)।
কৃষক মৃত্যুর ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের রাজনীতি। সোমবার লখিমপুর-খেরি যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে আটক করা হয়। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেন, প্রিয়ঙ্কাকে ভয় পেয়েছে বিজেপি। তাই তাকে আটকানো হয়েছে।