
শেষ আপডেট: 8 July 2022 12:00
দ্য ওয়াল ব্যুরো: জলের নিচে ঘাপটি মেরে নিজেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু তার দিকে ক্যামেরা তাক করতেই জল থেকে উঠে ছোবল মারে বিশালাকৃতির অ্যানাকোন্ডা (Anaconda)! ব্রাজিলের এমন একটি ঘটনা নেট পাড়ায় সাড়া ফেলে দিয়েছে। হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
একটি ২০ সেকেন্ডের ভিডিও দেখে নেটিজেনরা রীতিমতো ভয়ে শিউরে উঠছেন। সৌভাগ্যের বিষয়, অ্যানাকোন্ডার ছোবল খাওয়ার পরেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর ৩৮-এর জোয়াও সেভেরিনো নামে এক পর্যটক গাইড।
জানা গেছে, ব্রাজিলের (Brazil) আরাগুইয়া নদীতে পর্যটকদের নিয়ে বেরিয়েছিলেন জোয়াও। নৌকাটা পাড় থেকে খানিক দূরে যেতেই জোয়াও জলের তলায় লক্ষ্য করেন একটি সাপ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। প্রথমে বুঝতে পারেননি যে ওটা একটা অ্যানাকোন্ডা। তবে বুঝতে পেরেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করানো চেষ্টা করে। বলেন, ছবি তুলে তাঁদের দেখাবেন।
যেমন ভাবা তেমন কাজ। ছবি তোলার জন্য নিজের ক্যামেরা তাক করতেই জিভ বার করে ঝাঁপিয়ে পরে অ্যানাকোন্ডাটি। ভিডিওতে দেখা গেছে, জলের তলায় দুটি কাঠের গুড়ির মাঝে কুণ্ডলী পাকিয়ে ছিল সেটি। ক্যামেরা তার দিকে ফোকাস করতেই হঠাৎ লাফিয়ে উঠে আক্রমণ করে সে। অতর্কিত আক্রমণে ভয় পেয়ে যান নৌকার সকল যাত্রীরা।
তবে সুখের খবর, অ্যানাকোন্ডার আক্রমণে ভয় পেলেও জখম হননি জোয়াও। বিষ শরীরের ত্বক ভেদ করে প্রবেশ করতে পারেনি। জানা গেছে, ওই অ্যানাকোন্ডাটির রঙ সবুজ ছিল। এই প্রজাতির অ্যানাকোন্ডা বিশ্বের বৃহত্তম। ৩০ ফুটের এই অ্যানাকোন্ডাটি ওজন ছিল ৫৫০ পাউন্ড।