
শেষ আপডেট: 2 February 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবুও পরীক্ষা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়। এই নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। পরে অবশ্য প্রশ্নপত্রের বার কোর্ড দেখে দুই দোষীকে ধরে ফেলে শিক্ষা পর্ষদ।
এদিন সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষার্থীদের কাছে এই প্রথম বোর্ডের পরীক্ষা হওয়ায় ছাত্র-ছাত্রীরা অনেক আগেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছিল। ছেলে-মেয়েদের জন্য গেটের বাইরে অপেক্ষা করছিলেন বাবা-মায়েরা। পরীক্ষা শুরুও হয়ে যায় যথাসময়ে। কিছুক্ষণের মধ্যেই কারও কারও মোবাইলের হোয়াটস অ্যাপ মেসেজে ভেসে ওঠে মাধ্যমিকের প্রথম ভাষার প্রশ্নপত্র।
এরপরে ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে পরীক্ষার হলে পাওয়া প্রশ্নপত্র ওই ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখলে বিষয়টি সামনে আসে। প্রায় সঙ্গে সঙ্গেই মাধ্যমিক শিক্ষা পর্ষদ পদক্ষেপ নেয়। প্রশ্নপত্রের বারকোড দেখে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়। তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে এবছর নয়া ব্যবস্থা নিয়েছে শিক্ষা পর্ষদ। তাঁরা প্রতিটি প্রশ্নপত্রে আলাদা একটি কোড জেনারেট করেছে। সেই কোড দেখেই তারা বুঝতে পারবে কোন পরীক্ষার্থীর থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে।