
শেষ আপডেট: 22 February 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এবার শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ সামনে এল। আর এই অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হল সন্দেশখালি। ভেড়ি লাগোয়া একটি আলাঘরে আগুন লাগানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ দেখে আরও উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। অভিযোগ করতে থাকেন শাহজাহান একা নয়, তার ভাই আলমগীরও প্রাণে মারার হুমকি দিয়ে এলাকার মানুষের জমি দখল করেছে। কৃষিজমি রাতারাতি পাল্টে ফেলেছে ভেড়িতে। এই আলমগীর গ্রেফতারের দাবিতেও সরব হন গ্রামের মানুষ।
দিন কয়েক আগেই এই আলমগীরই সংবাদমাধ্যমের সামনে আক্ষেপ করেছিলেন, শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই পুলিশের তৎপরতায় স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে তাদের। সারাক্ষণ থাকতে হচ্ছে সিসিটিভির নজরদারিতে। বাড়িতে শান্তিতে খেতে ঘুমোতে পারছেন না তাঁরা। এই পরিস্থিতির বদল চেয়েছিলেন তিনি। সেই আলমগীর বিরুদ্ধেই এবার তেতে উঠল গ্রাম।
সন্দেশখালি দু'নম্বর ব্লকের বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি গ্রাম। অভিযোগ, কয়েক মাস আগে বেশ কয়েক বিঘা জমি বেআইনিভাবে দখল করে রেখেছিল শাসকদলের যুব নেতা শেখ আলমগীর। গ্রামবাসীরা এদিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আলাঘরে আগুন লাগিয়ে দেয়। তাঁরা বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল করে মেছোঘেরি করার চক্রান্ত করছিল আলমগীর। প্রচুর জমি বেআইনিভাবে দখলও করে নেয়। আমরা আমাদের জমি ফেরত চাই।" এই নিয়ে এদিন দুপুর থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় ঝুপখালি গ্রামে।