দ্য ওয়াল ব্যুরো: করোনার নতুন স্ট্রেন ভারতে ঢোকেনি বলেই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গতকাল অবধি ব্রিটেন ফেরত বিমানে যে ২২ জন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল, তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এর মধ্যেই নতুন করে সন্দেহ দানা বেঁধেছে। বিজয়ওয়াড়ার এক মহিলার শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রি এলাকার বাসিন্দা ওই মহিলা। সূত্রের খবর, গত ২১ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দিল্লি বিমানবন্দরে নামেন। রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট করিয়ে মহিলার শরীরে সংক্রমণ ধরা পড়ে। সন্দেহ ছিল তাঁর শরীরে করোনার নতুন স্ট্রেন ছিল। ব্রিটেন থেকে সংক্রমণ নিয়েই ফিরেছিলেন তিনি। দ্রুত ওই মহিলাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু পরে জানা যায়, কোনওভাবে ওই মহিলা কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে গিয়েছেন।
ব্রিটেন ফেরত সংক্রামিত মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়। সতর্কতা জারি করে পূর্ব গোদাবরীর স্বাস্থ্য দফতর। জানা যায়, কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে রাজামুন্দ্রির রামকৃষ্ণ নগরে নিজের বাড়ি ফিরেছিলেন ওই মহিলা। তারপর ট্রেন সফরও করেন তিনি।
দিল্লি থেকে রাজামুন্দ্রি ফার্স্ট ক্লাস কোচে ওই মহিলা সফর করেছিলেন বলে জানিয়েছে রেল পুলিশ। সংক্রামিত মহিলাকে খুঁজে বের করে এখন আইসোলেশনে রাখা হয়েছে। তবে এই খবর সামনে আসার পরে ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পূর্ব গোদাবরীর স্বাস্থ্য দফতর জানাচ্ছে, গোটা এলাকায় কোভিড টেস্ট শুরু করা হবে। ওই মহিলা কাদের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রেলের যে কামরায় মহিলা সফর করেছেন সেখানে কারা ছিলেন তারও খোঁজ চলছে।