দ্য ওয়াল ব্যুরো : পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যকে বন্দী করে ভারতে পাঠানোর জন্য গতবছর নির্দেশ দিয়েছিল ব্রিটেনের হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে লিখিত আবেদন করেছিলেন বিজয় মাল্য। সেই আবেদন খারিজ হয়ে গেল আদালতে। তবে এখনই তাঁকে ভারতে পাঠানো হচ্ছে না। বন্দি প্রত্যর্পণ নিয়ে এখন মৌখিক শুনানি হবে কোর্টে। তারপরে সিদ্ধান্ত নেবেন বিচারক।
৬২ বছর বয়সী বিজয় মাল্যর বিরুদ্ধে অভিযোগ, তিনি ন’হাজার কোটি টাকা ঋণ শোধ না করে দেশ থেকে পালিয়েছেন। ব্রিটেনের চিফ ম্যাজিস্ট্রেট এম্মা আরবাথনট রায় দেন, কিংফিশার এয়ারলাইনসের মালিক হিসাবে বিজয় মাল্যর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ আছে। ভারতের আদালতে তাঁকে জবাবদিহি করতেই হবে।
তাঁর আইনজীবীরা আদালতে জানিয়েছেন, তাঁদের মক্কেল ব্যক্তিগত খরচ কমাতে চান। তিনি মাসে মাত্র ২৯ হাজার ৫০০ পাউন্ড খরচ করবেন। এর আগে বিজয় মাল্যর পাওনাদাররা ব্রিটেনের কোর্টে অভিযোগ করেন, ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে বিপুল অর্থ তছরুপ করে তিনি বিদেশে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন।
কিছুদিন আগে বিজয় মাল্য আদালতে জানিয়েছিলেন, প্রতি সপ্তাহে তাঁর খরচ ১৮ হাজার ৩০০ পাউন্ড। সপ্তাহে তাঁর মুদির দোকানের বিল আসে হাজার পাউন্ডের ওপর।
গত ৫ জানুয়ারি ব্রিটেনের অর্থ তছরুপ বিরোধী আদালত বিজয় মাল্যকে অর্থনৈতিক অপরাধী বলে চিহ্নিত করে। পলাতক ব্যবসায়ী বলেন, এর ফলে ঋণদাতাদের কোনও সুবিধা হবে না।