দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি ঝর্নার মাঝে লেকের জলে নৌকোবিহার করছিলেন কিছু পর্যটক। সবুজ জলের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য হার মানাচ্ছিল বাকি সব কিছুকেই। কিন্তু হঠাৎ ছন্দপতন। ফুরফুরে মেজাজের মাঝে বিষাদের গাঢ় কালো ছায়া। হুড়মুড়িয়ে আস্ত পাহাড়টাই ভেঙে পড়ল ওই নৌকোগুলির উপর।
পাহাড়ের বিশালতার কাছে পর্যটকদের ছোট ছোট নৌকো একরত্তি পিঁপড়ের সমান। আর পিঁপড়ের মতোই দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে গেছে সেগুলো। প্রাণ গেছে ৫ জনের। ৩২ জন গুরুতর আহত হয়েছেন। এখনও খুঁজেই পাওয়া যায়নি অন্তত ২০ জনকে। ঘটনাটি ঘটেছে শনিবার ব্রাজিলের ক্যাপিটোলিও প্রদেশের ফুরনাস লেকে। সপ্তাহের শেষে ছুটি কাটাতে অনেকেই সেখানে যান। পর্যটকরা ঝর্নার জলে নৌকাবিহার করে থাকেন হামেশাই। হঠাৎ শনিবার তাঁদের উপর খসে পড়েছে পাহাড়ে বিশাল চাঁই।
https://twitter.com/asolepascual/status/1479932895259246593?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1479932895259246593%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2F5-killed-20-missing-as-cliff-collapses-onto-boaters-in-brazil-lake-2697407
ভয়াবহ ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই লেকের মধ্যেই খানিক দূরে দাঁড়িয়ে থাকা অন্য এক পর্যটকবাহী নৌকো থেকে ঘটনার ভিডিও করা হয়েছিল বলে অনুমান। সেখানে দেখা যাচ্ছে, লেকের জলে বিশাল পাহাড়ের গা ঘেঁষেই ঘুরে বেড়াচ্ছিল বেশ কিছু নৌকো। কিন্তু হঠাৎ দেখা যায় পাহাড়ের গা থেকে খসে খসে পড়ছে চাঙর। সতর্ক হওয়ার আগেই হুড়মুড় করে বিশাল এক পাহাড়ের চাঁই ভেঙে পড়ে জলের উপর। নৌকোগুলি তাতে চাপা পড়ে যায়। পাহাড়ের ধাক্কায় অনেক উঁচু পর্যন্ত উঠে পড়ে জল।
এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এর আরও একটি ভিডিওতে দেখা গেছে অনেকেই বলছেন বেশ কিছুক্ষণ ধরে পাথর খসে খসে পড়ছে ওই পাহাড় থেকে। সতর্ক হওয়া দরকার। কিন্তু এমন বড় বিপদ যে হবে তা কেউ আন্দাজ করতেই পারেননি।
ওই এলাকায় বেশ কিছুদিন ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। সেই কারণেই এমনটা হয়ে থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ব্রাজিলের স্থানীয় প্রশাসন।