
ভিক্টর বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 16 August 2024 23:52
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমার অন্যতম আইকন তিনি। হিন্দি সিনেমাতেও দখল নিয়ে কাজ করেছেন। সেই ভিক্টর বন্দ্যোপাধ্যায় নাকি অসুস্থ। নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি বলে সূত্রের খবর। বর্তমানে ভিক্টর ভর্তি রয়েছেন হাসপাতালে।
সূত্র মারফৎ জানা গেছে, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন অভিনেতা। মুসৌরিতে নিজের বাড়িতেই ঘটে এই ঘটনা। সেই কারণেই দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। যদিও তাঁর অবস্থা এখন সঙ্কটজনক নয়, আপাতত তিনি স্থিতিশীল বলেই খবর। তিনদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। পরবর্তী সময়ে আবার ডেঙ্গিরও কবলে পড়েন ভিক্টর। কিন্তু অল্প দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। এরপর দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি বাংলা ছবির হাত ধরে বড় পর্দাতেও দেখা দিয়েছিলেন। শিবপ্রসাদ-নন্দিতার 'রক্তবীজ'-এ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি চরিত্রে অভিনয় করেছিলেন ভিক্টর।
সেই ছবির পর অবশ্য তাঁর আর কোনও সিনেমা আসছে বলে শোনা যায়নি। বাংলা কেন, অন্য কোনও ভাষার ছবিও যে তিনি করছেন এমন খবর নেই। তারই মধ্যে ৭৭ বছর বয়সি অভিনেতার অসুস্থতার খবর অনুরাগীদের মন বিচলিত করেছে। যদিও ডাক্তাররা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।