2.png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 April 2025 21:51
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন জুয়ার নেশা প্রাণ কাড়ল গৃহবধূর। শান্তিপুরের গোপালপুর পুটপুটি তলায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতেই স্ত্রীয়ের গলা কেটে হত্যা করেছে বলে অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অনলাইন জুয়া খেলতেন ওই ব্যক্তি। এতে পরিবারে আর্থিক সঙ্কট দেখা দেয়।
জানা গিয়েছে, একাধিক দেনাও করেছিলেন স্বামী। এই নিয়ে দুজনের মধ্যে প্রায়ই অশান্তি হত। এদিকে স্ত্রীর পরিবারের দাবি, সেই বিবাদের জেরেই নাকি তাঁদের মেয়েকে নৃশংসভাবে খুন করেছে স্বামী। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। তারা পৌঁছেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি সন্দেহভাজন হিসেবে মৃতার স্বামীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে তদন্তকারী অফিসাররা। কী কারণে এমন মর্মান্তিক পরিণতি, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে অভিযুক্তের।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনলাইন জুয়ার নেশা এলাকায় ভয়াবহ আকার নিচ্ছে। অনেকেই এই জুয়ায় সর্বস্ব হারিয়ে ফেলছেন। তাঁদের মতে, প্রশাসনের কড়া নজরদারি ও পদক্ষেপ না থাকলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতেই থাকবে।