
শেষ আপডেট: 29 June 2022 12:42
দ্য ওয়াল ব্যুরো: বেজে গেছে রাষ্ট্রপতি দামামা। এনডিএ ও বিরোধী শিবির নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন। চলছে নির্বাচনের প্রস্তুতি। তার মধ্যেই এবার ভারতের উপ রাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) দিন ঘোষণা করল কমিশন। উল্লেখ্য, বর্তমান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হবে অগাস্ট মাসেই। তাঁর জায়গায় কে হবেন পরবর্তী উপ রাষ্ট্রপতি? সেই নির্বাচনের সূচি প্রকাশ করল কমিশন (Election Commission)।
কবে হবে উপ রাষ্ট্রপতি নির্বাচন (Vice Presidential Election)?
কমিশন জানিয়েছে,আগামী ৬ অগাস্ট হবে এই নির্বাচন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের দুই সপ্তাহের মধ্যেই উপ রাষ্ট্রপতি নির্বাচন করার কথা ঘোষণা করল কমিশন। আপাতত ঠিক আছে, এই নির্বাচনের ফল প্রকাশ হবে ওই একই দিনেই। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন চলবে।
বুধবার কমিশের তরফে দেশের ১৬ তম উপ রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়। এই নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। এই নির্বাচনে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুলাই। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের পরের দিন পর্যন্ত।
বর্তমান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর ( Venkaiah Naidu) মেয়াদ শেষ হবে আগামী ১০ অগাস্ট। তার আগেই বেছে নেওয়া হবে তাঁর উত্তরসূরি। রাজ্যসভা ও লোকসভার সাংসদরাই এই নির্বাচনে অংশ নেবেন। তাঁদের ভোটেই ঠিক হবে পরবর্তী উপ রাষ্ট্রপতি।