
শেষ আপডেট: 23 January 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: নিয়োগ দুর্নীতির চাকরিপ্রার্থীরা এখনও রাস্তায়। জানেন না তাঁদের ভবিষ্যত কী হবে? এমন সময় পরীক্ষার ওএমআর শিট ঠোঙা হয়ে বিকোচ্ছে বর্ধমানের দোকানে–দোকানে।
ওএমআর শিটের ঠোঙার ছবি সামনে এসেছে। তাতেই ক্ষোভ দেখা দিয়েছে জেলা জুড়ে। অনেকেই বলছেন, টেট পাশ করা চাকরি প্রার্থীদের নিয়োগের স্বপ্ন কি অধরাই থেকে যাবে? এর জবাব কে দেবে?
যাঁদের ওএমআর শিট বর্ধমান শহরে পাওয়া যাচ্ছে, তাঁরা সকলেই ২০১২ সালে টেট পরীক্ষার্থী। তাঁদের মধ্যে একজন কলকাতার একটি স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন। কেউ আবার মেদিনীপুর টাউন স্কুল থেকে টেট পরীক্ষা দিয়েছিলেন। এরকম শত শত টেট পরীক্ষার ওএমআর শিট এখন ঠোঙা হয়ে খদ্দেরের হাতে হাতে ঘুরছে।
২০১২ সালে টেট উত্তীর্ণ হয়েও রাজ্যের ১ লক্ষ ৪২ হাজার পরীক্ষার্থী চাকরি পাননি। সফল পরীক্ষার্থীদের দাবি, কোনও শর্ত ছাড়াই টেট উত্তীর্ণদের নিয়োগ করতে হবে। এখন তাঁদের অভিযোগ, সরকার কোনওভাবেই তাঁদের দাবি মানছেন না। ফলে, হাজার–হাজার ছেলে-মেয়ে রীতিমতো হতাশগ্রস্ত। হতাশা যেমন বাড়ছে, তার পাশাপাশি বাড়ছে ক্ষোভও।