হাওড়া স্টেশনে ঘোষণা ছাড়াই ছুটল ট্রেন। তারপর ৩০০ জনকে বন্দে ভারতে পাঠাল রেল। ঠিক কী হয়েছিল?

বন্দে ভারত (ফাইল ছবি)
শেষ আপডেট: 8 December 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: ঘোষণা ছাড়াই হাওড়া স্টেশন থেকে মাঝরাতে ছেড়ে দেয় দিল্লিগামী স্পেশাল ট্রেন (special train)। উঠতে পারেননি বহু যাত্রী। রীতিমতো চিৎকার শুরু হয় স্টেশনে। প্রায় চার ঘণ্টা দেরির পরও নির্দিষ্ট তথ্য না দিয়ে আচমকাই প্ল্যাটফর্ম ছেড়ে দিলে ক্ষোভে ফেটে পড়েন সকলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিক্ষুব্ধ যাত্রীদের শান্ত করতে রেলের তরফে টিকিট ছাড়া একপ্রকার বিনামূল্যে প্রায় ৩০০ যাত্রীকে তুলে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat)।
রবিবার রাতে সমস্যার সূত্রপাত। ১টা ১৫ মিনিটে হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়ার কথা ছিল। সে কারণে রাতেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিলেন বহু যাত্রী। এরপর রেলের পক্ষ থেকে জানানো হয়, ট্রেনটি অন্তত চার ঘণ্টা দেরিতে পৌঁছবে এবং নির্ধারিত সময়ের বদলে সোমবার ভোরে রওনা দেবে। কিন্তু তারপরও পরবর্তীতে কোনও ঘোষণা না করেই ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ, রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের একবারও জানানো হয়নি যে ট্রেন চলছে। ফলে ট্রেন হাতছাড়া হওয়ার পর ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টারের রুম, অনুসন্ধান অফিস থেকে শুরু করে ডেপুটি এসএম অফিস পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চরম ভোগান্তির মাঝে কী করবেন বুঝে উঠতে পারেননি অনেকেই।
এই বিশৃঙ্খলার মধ্যে রেল কর্তৃপক্ষের সাফাই, যারা উঠতে পারেননি, সেই ৩০০ জন যাত্রীকে বন্দে ভারত এক্সপ্রেসে পৌঁছে দেওয়া হবে। এতে যাত্রীদের দাবি অনুযায়ী, তারা নির্ধারিত টিকিট ছাড়া বিনামূল্যেই (free travel) বন্দে ভারতে যাত্রার সুযোগ পান। তবে এই সিদ্ধান্তের ফলে আরও ৩০ মিনিট দেরিতে ছাড়তে হয় বন্দে ভারত।
অন্যদিকে, বন্দে ভারতের বেশ কিছু নির্ধারিত যাত্রীর অভিযোগ—রেলের ভুলের দায় যাত্রীদের নিতে হচ্ছে। অতিরিক্ত যাত্রী উঠে পড়ায় শান্তিপূর্ণ সফর (peaceful journey) ব্যাহত হয়েছে, দেখা দিয়েছে বিশৃঙ্খলা ও ভিড়। তাঁদের বক্তব্য, হাই-স্পিড প্রিমিয়াম ট্রেনের অভিজ্ঞতা নষ্ট হয়েছে।
রেলের তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া না দেওয়া হলেও, যাত্রীদের চাপ ও ক্ষোভ সামলাতে বাধ্য হয়েই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। তবে হঠাৎ রাতের এই বিশৃঙ্খলা, ঘোষণা ছাড়া ট্রেন ছেড়ে দেওয়া এবং বন্দে ভারতে অতিরিক্ত যাত্রী তোলার সিদ্ধান্ত, সব মিলিয়ে রেল পরিষেবার পরিকল্পনা ও ব্যবস্থাপনার বড়সড় ত্রুটি (rail mismanagement)সামনে এল।