
শেষ আপডেট: 6 March 2023 07:39
দ্য ওয়াল ব্যুরো: টিনেজার থেকে প্রৌঢ়, যে কোনও বাঙালিকে জিজ্ঞেস করুন, আপনার প্রিয় স্ট্রিট ফুড কী! চোখ বুজে উত্তর দেবেন, ফুচকা। ঠিক তেমনই যে কোনও মুম্বইবাসীকে প্রশ্ন করুন তাঁর প্রিয় স্ট্রিট ফুড সম্পর্কে, কোনও ভাবনা চিন্তা ছাড়াই তিনি উত্তর দেবেন, বড়া পাও (Vada pav)। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যার স্ন্যাক্স, এই বড়া পাওয়ের প্রতি রয়েছে মানুষের অকৃত্রিম ভালোবাসা। আর এই ভালোবাসা কিংবা বলা ভালো, জনপ্রিয়তাই বড়া পাওকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে। বিশ্বে ১৩ তম সেরা স্যান্ডউইচের (13th best sandwich) তালিকায় স্থান পেল মুম্বইয়ের এই খাবার।
সম্প্রতি, 'টেস্ট অ্যাটলাস' বিশ্বের (world) সেরা ৫০ টি স্যান্ডউইচের একটি তালিকা প্রকাশ করেছে। জনপ্রিয়তা ও ঐতিহ্যবাহী খাবারের ভিত্তিতেই এই তালিকা প্রকাশ পেয়েছে।
টম্বিক বা গবিট কাবাব, তুরস্কের একটি জনপ্রিয় খাবার। বিশ্বের শ্রেষ্ঠ স্যান্ডউইচের তালিকার প্রথম স্থানে রয়েছে এই টম্বিক কাবাব। টম্বিক আসলে টুকরো টুকরো মাংস দিয়ে রুটির মধ্যে স্টাফ করা একটি ডিশ। তুরস্কে এর জনপ্রিয়তা রয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে বুটিফাররা। এটি একটি পেরুভিয়ান স্যান্ডউইচ যা মূলত, সাদা বান, রসুন লঙ্কা, হ্যাম, লেটুস দিয়ে ভরা একটি পদ। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্যান্ডউইচ ডে লোমো।
মুম্বইয়ের ‘সিগনেচার ফুড’ বড়া পাওয়ে ফিরে আসা যাক। বিশ্বজয় করা এই আইকনিক খাবারটি প্রথম আবিষ্কার করেছিলেন অশোক বৈদ্য নামে একজন বিক্রেতা। যিনি ১৯৬০ আশেপাশে দাদার স্টেশনের কাছে কাজ করতেন। ফলে প্রায় ষাট বছর বয়সি একটি স্ট্রিট ফুড বিশ্বের সেরা স্যান্ডউইচের তালিকায় জায়গা পাওয়ায় স্বভাবতই গর্বিত মুম্বইবাসী।
ছবি বিকৃত করে ব্ল্যাকমেল! মহিলাদের ‘ত্রাস’ হয়ে উঠেছিল ১৯ বছরের তরুণ, অবশেষে গ্রেফতার