
শেষ আপডেট: 17 December 2022 06:55
দ্য ওয়াল ব্যুরো: নয় বছরের এক শিশুকে স্কুলের ভিতর বেধড়ক পিটিয়ে মেরে (student death) ফেলল শিক্ষক (teacher)। একজন মাস্টারমশাইয়ের এহেন নৃশংস আচরণে জোর উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) রুরকি-র একটি মাদ্রাসায় (madrasa)। খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত ছাত্রের নাম মহম্মদ আলি (৯)। সে রুরকি-র ভগবানপুরের রহমানিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। জানা গেছে, ক্লাসরুমের ভিতর শিশুটি চিৎকার করছিল, জোরে জোরে কথা বলছিল। এমন আচরণ দেখেই রেগে যায় ওই অভিযুক্ত শিক্ষক জিশান গাদা (৪৫)। এরপরই রাগের মাথায় সে ওই ছাত্রের মাথা নিয়ে বেঞ্চির উপর এবং পরে ব্ল্যাকবোর্ডে জোরে জোরে ঠুকে দেন। মারধর করার ফলে শিশুটি গুরুতর আহত হয়।
তার নাক-কান দিয়ে রক্ত বের হতে শুরু করে। এরপরই স্কুল কর্তৃপক্ষ মহম্মদ আলির বাড়ির লোককে খবর দেন। তাঁরা হাসপাতালে এসে বাচ্চাটিকে প্রথমে সাহারানপুর এবং তারপর চিকিৎসার জন্য চণ্ডীগড় নিয়ে যায়। কিন্তু, শেষরক্ষা হয়নি। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বাচ্চাটির।
নিহত মহম্মদ আলির বাবা সুফিয়ান আহমেদ জানান, 'আমরা স্কুলে গিয়ে দেখি ওর নাক-কান দিয়ে অঝোরে রক্ত পড়ছে। সাহারানপুরে চিকিৎসার সময় যন্ত্রণায় কাতরাচ্ছিল সে। পরে আমরা তাকে চণ্ডীগড়ে নিয়ে যাই। সেখানেই চিকিৎসা চলার সময় ওর মৃত্যু হয়।' ঘটনায় ভগবানপুর থানার অফিসার রাজীব রাউথান বলেন, আমরা ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে স্থানীয় আদালতে তোলা হয়েছিল।'
মানুষকে বিয়ে করা মানে জীবন নষ্ট! ধুমধাম করে ভগবান বিষ্ণুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তরুণী