নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল স্কুল ভ্যান, উত্তরাখণ্ডে মৃত ৯ শিশু, আশঙ্কাজনক চালক-সহ ৮
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে জোড়া দুর্ঘটনা উত্তরাখণ্ডে। প্রাণ গেল ৯টি শিশু-সহ মোট ১৪ জনের। তেহরি গাড়ওয়ালের কংসালি পাহাড়ি এলাকায় খাদে স্কুল ভ্যান পড়ে প্রাণ হারিয়েছে ৯টি শিশু। অন্যদিকে, বদ্রীনাথ হাইওয়েতে বাসের উপর পাথর গড়িয়ে পড়ে প্রাণ গেছ
শেষ আপডেট: 5 August 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে জোড়া দুর্ঘটনা উত্তরাখণ্ডে। প্রাণ গেল ৯টি শিশু-সহ মোট ১৪ জনের। তেহরি গাড়ওয়ালের কংসালি পাহাড়ি এলাকায় খাদে স্কুল ভ্যান পড়ে প্রাণ হারিয়েছে ৯টি শিশু। অন্যদিকে, বদ্রীনাথ হাইওয়েতে বাসের উপর পাথর গড়িয়ে পড়ে প্রাণ গেছে পাঁচ যাত্রীর। উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।
গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে। উদ্ধারকারীরা জানিয়েছেন, তেহরি গাড়ওয়ালের পাহাড়ি এলাকায় আগেই সতর্কতা জারি হয়েছিল। কারণ সামান্য বৃষ্টি হলেই এই সব এলাকাগুলিতে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাও ঘটে প্রায়শই।


সকালের দিকে একটি স্কুল ভ্যান কংসালি পাহাড়ি পথ ধরে যাচ্ছিল। বৃষ্টি ও কুয়াশাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ভ্যানটি গড়িয়ে পড়ে পাশের খাদে। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (এসডিআরএফ)। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকটি বাচ্চার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও কয়েকজনের। এখনও পর্যন্ত ৯টি শিশুর মৃত্যুর খবর মিলেছে। ভ্যান চালক-সহ হাসপাতালে ভর্তি আরও আট জন।
এসডিআরএফ জানিয়েছে, কংসালি এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে সেখানে ধস নামার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, লম্বাগড় এলাকার বদ্রীনাথ হাইওয়ে ধরে যাওয়ার সময়ে একটি বাসের উপর গড়িয়ে পড়ে পাহাড় থেকে নেমে আসা বড় পাথের চাঁই। ভেঙে দুমড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ যাত্রীর। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।