রামে ভক্তি না থাকলেই পতন, বিরোধীদের উদ্দেশে বললেন যোগী আদিত্যনাথ
দ্য ওয়াল ব্যুরো: রামের বিরুদ্ধে কথা বললে ফল পতন হবে, এই ভাবেই বিরোধীদের সতর্ক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামজন্মভূমি বলে কথিত অযোধ্যায় দীপোৎসবে যোগ দিয়েছিলেন যোগী। রবিবার তিনি অযোধ্যায় অস্থায়ী রামমন্দিরে প্রার্থনা করে
শেষ আপডেট: 28 October 2019 08:47
দ্য ওয়াল ব্যুরো: রামের বিরুদ্ধে কথা বললে ফল পতন হবে, এই ভাবেই বিরোধীদের সতর্ক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামজন্মভূমি বলে কথিত অযোধ্যায় দীপোৎসবে যোগ দিয়েছিলেন যোগী। রবিবার তিনি অযোধ্যায় অস্থায়ী রামমন্দিরে প্রার্থনা করেন, পুজো দেন হনুমানগড়ি মন্দিরেও। দেখা করেন রাম জন্মভূমি ন্যাসের প্রধানের সঙ্গে।
এদিন মণি রাম দাস ছাউনিতে গিয়ে তার প্রধান মহন্ত নৃত্যগোপাল দাসের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর কাছে আশীর্বাদ চান। মহন্ত নৃত্যগোপাল দাস আবার রাম জন্মভূমি ন্যাসের প্রধান।
অযোধ্যায় গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “যাঁরা শ্রীরামচন্দ্রের বিরোধিতা করেন, তাঁদের পতন হবেই। বিরোধীদের হাতে কোনও ইস্যু নেই, তাঁদের দুর্ভাগ্য এটাই যে তাঁদের না আছে শ্রীরামে ভক্তি, না আছে শরণাগতি।”
সরকারি ভাবে ২০১৭ সাল থেকে দীপোৎসব পালন করছে উত্তরপ্রদেশ সরকার। তারই অঙ্গ হিসাবে অযোধ্যায় সরযূ নদীর তীরে রাম কি পৈড়িতে পাঁচ লক্ষের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল শনিবার। রামায়ণ অনুযায়ী, বিজয়াদশমী তিথিতে রাবণকে বধ করার পর দীপাবলি তিথিতে অযোধ্যায় আসেন রাম। তখন তাঁকে স্বাগত জানাতে আলো দিয়ে সাজানো হয় অযোধ্যা নগরী। রামের ১৪ বছর বনবাসকালে সিংহাসনে রামের খড়ম রেখে রাজ্য শাসন করেছেন রামের ভাই ভরত।
উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পরে ২০১৭ সালের অক্টোবর মাসে প্রথম অযোধ্যায় দীপোৎসব পালন করেন যোগী আদিত্যনাথ। এ বছর অযোধ্যায় দীপোৎসবে প্রধান অতিথি ছিলেন ফিজির ডেপুটি স্পিকার ও মন্ত্রী বীণা ভাটনগর। বীণা ভাটনগর ভারতীয় বংশোদ্ভুত, তিনি ফিজির ডেপুটি স্পিকার এবং মহিলা, শিশু ও দারিদ্র্য দূরীকরণ প্রতিমন্ত্রী।
গত বছর অযোধ্যায় দীপোৎসবে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের স্ত্রী কিম জং-সুক।
যে সব দেশ সনাতন ধর্ম মেনে দীপোৎসব পালন করে, সেই সব দেশের সঙ্গে সংযোগ ঘটানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন যোগী। পাঁচ বছর সরকার চালানোর পর, মাস সাতেক আগে আরও বেশি আসন নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রে সরকার গড়েছেন নরেন্দ্র মোদী।
রবিবার রাম কি পৈড়ি ঘুরে দেখন যোগী আদিত্যনাথ। পর্যটন দফতরের অতিথিশালায় তিনি একটি বৈঠকও করেন। পরে তিনি বলেন, অযোধ্যার অন্তরাত্মার সঙ্গে মিশে রয়েছে এই দীপোৎসব। ভারতের সাংস্কৃতির বৈভবের কথা মনে করিয়ে দেয় এই রীতি।
পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প: শয্যা উত্তোলন
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/