
শেষ আপডেট: 13 January 2023 11:03
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি অর্থ লেনদেনের মামলায় গত বছরের জুন থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। একই মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar) নামে কর্নাটকের এক ব্যক্তি। পাঁচজনে যাকে ঠগ হিসাবে জানে।
দুশো কোটি টাকা প্রতারণার অভিযোগে তিহাড়েই বন্দি ওই ঠগের লেখা একটি চিঠিকে (letter) হাতিয়ার করে দিল্লির আম আদমি পার্টির সরকার ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন করে আসরে নেমেছে বিজেপি (BJP)।
দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনাকে লেখা চিঠিতে সুকেশ অভিযোগ করেছে, জেল সুপার মারফৎ তিহাড়ে বন্দি দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র তাকে নিয়মিত হুমকি দিচ্ছে। গত ৩১ ডিসেম্বর জেল সুপারকে দিয়ে তাকে জানানো হয়, কেজরিওয়াল এবং সত্যেন্দ্র সম্পর্কে তার কাছে থাকা নথিপত্র তাঁদের হাতে তুলে না দিলে পরিণতি খারাপ হবে।
সুকেশ লিখেছে, তাকে বলা হয়েছে, কাগজপত্র তুলে দিলে কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচনে ভাল আসনে টিকিট দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে পাঞ্জাবে বালি খননের লাইসেন্স।
প্রসঙ্গত, সত্যেন্দ্রর বিরুদ্ধে চলা বেআইনি অর্থ লেনদেনের মামলায় সুকেশের নাম আছে। সত্যেন্দ্রর বেআইনি কারবারের প্রমাণ তার হাতে আছে বলে এই ঠগ দাবি করে আসছে। তার বক্তব্য, মামলা থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরওয়ালের নাম করে তাকে প্রলোভন এবং হুমকি দিচ্ছে সত্যেন্দ্র।
প্রসঙ্গত, সুকেশের এমন অভিযোগ নতুন নয়। এর আগে সাংবাদিকদের কাছে একই অভিযোগ করলে কেজরিওয়াল তা বিজেপির ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছিলেন। আইনজীবীকে দিয়ে অভিযোগ খণ্ডন করেন সত্যেন্দ্রও।
এবার সেই সুকেশ অভিযোগ ঠুকেছেন স্বয়ং উপরাজ্যপালের কাছে। জেলবন্দির বিস্ফোরক চিঠির কথা জানাজানি হতেই আসরে নেমেছে বিজেপি। তারা তদন্তের দাবি তুলেছে। পাল্টা আপ বলছে গোটাটাই বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র।
তবে তিহাড় জেলে কেজরিওয়ালের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্রর কার্যকলাপ নিয়ে আগে থেকেই রাজনীতি উত্তপ্ত। দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জেলকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেলের সিসি ক্যামেরায় ধরা পড়ে ধর্ষণের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি তাঁকে ম্যাসাজ দিচ্ছে। অনেক রাত পর্যন্ত নিজের সেলে অন্য বন্দিদের সঙ্গে খোস গল্পের মেজাজেও দেখা গিয়েছে তাঁকে।
এখন দেখার সুকেশের চিঠি নিয়ে কী পদক্ষেপ করেন উপ রাজ্যপাল। ঘটনাচক্রে আজই উপ রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দেখা করার কথা। সেই বৈঠকে উপরাজ্যপাল সাক্সেনা চিঠির প্রসঙ্গ তোলেন কিনা সেটাই দেখার।
গ্রুপ ডি মামলা: প্যানেলের নাম থেকে জাল ওএমআর শিট, তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়