দ্য ওয়াল ব্যুরো: জলের গভীরে অন্ধকার চিরে, টর্চ জ্বালিয়ে নেমে যাচ্ছেন কোনও এক ডুবুরি। আচমকা দেখলেন, জলের তলদেশে পড়ে রয়েছে একটি আইফোন! তবে আশ্চর্যের ব্যাপার, ফোনটা জলের তলায় থেকেও বিগড়ে যায়নি। একদম ঠিকঠাক কাজ করছে সেটি।
ইউটিউবার যুবক মাইকেল বেনেটের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা জানতে পেরেছেন, এক বছরেরও বেশি সময় ধরে জলের তলায় পড়েছিল সেটি, তবু নষ্ট হয়নি তার কার্যক্ষমতা। শুধু তা-ই নয়, ফোনটি ফেরতও দিয়ে দেওয়া হয়েছে সেটির মালিককে!
পেশায় ইউটিউবার হলেও মাইকেল বেনেট স্বঘোষিত গুপ্তধন-সন্ধানীও! এই মার্কিন যুবক তাঁর চ্যানেল ‘নাগেটনগিন'-এ সকলের সামনে তুলে ধরেছেন তাঁর এই অভিনব ‘গুপ্তধন' উদ্ধারের কাহিনি। ভিডিওয় দেখা গেছে, তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডিস্টো নদীতে ঝাঁপ দিচ্ছেন মেটাল ডিটেক্টর নিয়ে। আর তার পরেই সেখান থেকে উদ্ধার করে আনলেন আস্ত আইফোনটি।
দেখুন ভিডিও।
https://www.youtube.com/watch?v=3gvY6qtVwG0
বলাই বাহুল্য, পোস্ট করার পরেই ওই ইউটিউব ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। বিস্ময় বাধ মানছে না নেটিজেনদের। এক বছরেরও বেশি সময় ধরে জলের নীচে থাকার পরে আইফোনটির বিগড়ে না যাওয়া দেখে তুমুল ভাবে অবাক হয়েছেন সকলেই। এবং এর পরের বিস্ময়, ফোনটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেনেট জানিয়েছেন, আইফোনটি খুঁজে পাওয়ার পরেই তার মালিককে খুঁজে বার করার চেষ্টা শুরু করেন তিনি। কিন্তু এটি তাঁর পক্ষে বেশ কঠিন কাজ ছিল। কারণ ফোনটিতে বিশেষ পাসওয়ার্ড দেওয়া ছিল, ফলে সেটি আনলক করা সম্ভব ছিল না। অবশেষে বেনেট ফোনের সিমটি খুলে সেটিকে অন্য ফোনে ঢোকান। তার পরে, সেই সিমের সাহায্যেই অবশেষে খুঁজে বার করেন ফোনের মালিককে।
ফোনের মালকিন এরিকা বেনেট তো বিস্ময়ে বাকরুদ্ধ। এই ফিরে পাওয়া তাঁর কাছে শুধু অপ্রত্যাশিত নয়, এ যেন মিরাকেল। তিনি জানান, ২০১৮ সালের ১৯ জুন পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়া বেড়াতে গিয়ে ফোনটি হারিয়ে ফেলেন তিনি। তার পরে অনেক খোঁজাখুঁজি করলেও, কোনও সূত্র পাননি ফোন ফেরত পাওয়ার। আশা ছেড়েই দিয়েছিলেন এক রকম। হঠাৎ মাইকেলের ফোন পেয়ে চমকে যান তিনি। রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন।
[caption id="attachment_146759" align="aligncenter" width="300"]

মাইকেল বেনেট[/caption]
তবে মাইকেল বেনেট যে এই প্রথম এমন আইফোন খুঁজে পেলেন, তা নয়। কয়েক দিন আগেই, জুলাই মাসেও তিনি একটি আইফোন এক্সআর খুঁজে পান। তার পরে সেটিকেও পৌঁছে দেন মালিকের হাতে। কাজ করছিল সেই ফোনটিও।
বেনেট অবশ্য আইফোন ছাড়াও আরও অনেক ‘গুপ্তধন' উদ্ধার করেছেন জলের তলা থেকে। যেমন আমেরিকার গৃহযুদ্ধের সময়কার সোনার আংটি, অ্যাপল ঘড়ি, টাকা, ছুরি, গয়না-- আরও অনেক কিছুই।
মাইকেল বেনেট জানিয়েছেন, ১২ বছর বয়সে একটি মেটাল ডিটেক্টর উপহার পেয়েছিলেন তিনি। তার পর থেকেই তাঁর এই ‘গুপ্তধন-অভিযান' শুরু। অজানার সন্ধানে নানা জায়গায় পৌঁছে যাওয়াটা যেন নেশার মতো হয়ে উঠেছে তাঁর কাছে।
