দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার ভোররাতে ভারতের বায়ুসেনা পাকিস্তানে ঢুকে জইশ ই মহম্মদের ঘাঁটি ধ্বংস করে এসেছে। জইশের বেশ কয়েকজন শীর্ষস্তরের নেতা নিহত হয়েছে। এরপর বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেন, পাকিস্তানে ঢুকে প্রত্যেক জঙ্গি নেতাকেই খতম করার শক্তি আছে আমাদের।
জইশের প্রধান মৌলানা মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন। পুলওয়ামায় জঙ্গি হানার দায় স্বীকার করেছে জইশ। ২০০৮ সালে মুম্বই হানায় অভিযুক্ত সংগঠন লস্কর ই তৈবার নেতা হাফিজ মহম্মদ সইদও থাকেন পাকিস্তানে।
এই প্রেক্ষিতে অরুণ জেটলি বলেন, আমার মনে আছে আমেরিকার নেভি সিল পাকিস্তানের অভ্যন্তরে আবোতাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে মেরে এসেছিল। আমেরিকা যদি পারে, আমরা পারব না কেন? আমরা আগেও পাকিস্তানে ঢুকে আক্রমণ করার কথা ভাবতাম। কিন্তু পারিনি। তা নিয়ে হতাশা ছিল। কিন্তু এখন পাকিস্তানে ঢুকে আক্রমণ করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশের ক্যাম্পে বোমা ফেলে এসেছে। বালাকোট জায়গাটি অ্যাবোতাবাদ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। সেখানেই লুকিয়ে ছিলেন আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন। ২০১১ সালে আমেরিকার নেভি সিল লাদেনের বাংলোয় হানা দেয় ও তাঁকে গুলি করে মারে।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কিছু দূরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত।