দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় করোনা অতিমহামারীতে মারা গিয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার মানুষ। তার পরেও সেদেশে অনেকের ধারণা, করোনা অতিমহামারী একটা গুজব মাত্র। তাঁদেরই কয়েকজন কিছুদিন আগে 'কোভিড ১৯ পার্টি'-তে মিলিত হয়েছিলেন। পার্টির উদ্যোক্তা ছিলেন এক করোনা পজিটিভ ব্যক্তি। পার্টিতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন যুবক। তাঁদেরই একজন সম্প্রতি মারা গিয়েছেন। মৃত্যুর আগে তিনি নার্সকে বলেছিলেন, খুব বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম করোনা ছোঁয়াচে নয়।
আমেরিকার সান অ্যান্তোনিও-র মেথডিস্ট হসপিটালের চিফ মেডিকেল অফিসার জেন অ্যাপলবি বলেন, "এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি বন্ধুদের নিয়ে পার্টি করেন। তাঁদের ধারণা ছিল করোনাকে জয় করতে পারবেন। পার্টিতে যাঁরা উপস্থিত হয়েছিলেন, তাঁদের মধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তি পরে মারা যান। সবচেয়ে দুঃখের কথা হল, মৃত্যুর আগে তিনি নার্সকে বলেন, আমি একটা বিরাট ভুল করেছিলাম।"
পরে অ্যাপলবি বলেন, "ওই ব্যক্তি ভেবেছিলেন, করোনা অতিমহামারী একটা গুজব। তাঁর ধারণা ছিল, তিনি যেহেতু যুবক, করোনা তাঁকে আক্রমণ করতে পারবে না।" তাঁর বক্তব্য, আমেরিকায় তরুণ-তরুণীরা অনেকেই রোগের বিপদটা বুঝতে পারছেন না। তাঁরা অনেকসময় ভাবতেই পারেন না, তাঁদের করোনা হতে পারে। কিন্তু ল্যাবরেটারিতে তাঁদের অক্সিজেন লেভেল টেস্ট করলে বোঝা যায়, দেখে যতদূর অসুস্থ মনে হচ্ছে, তাঁরা তার চেয়েও বেশি অসুস্থ।
ট্রাম্প প্রশাসন চাইছে, আর কিছুদিনের মধ্যে আমেরিকার স্কুলগুলি খুলে যাক। কিন্তু দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা। অনেকের অভিযোগ, তরুণ-তরুণীরা যথেষ্ট সতর্ক হচ্ছেন না বলেই ফ্লোরিডা ও অন্যান্য জায়গায় বেড়েছে রোগের প্রকোপ। এখনও পর্যন্ত আমেরিকায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যাও সেদেশে সবচেয়ে বেশি।