
শেষ আপডেট: 6 April 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: কাফ সিরাপের পরে আইড্রপ। ভারতীয় কোম্পানির তৈরি একটি আইড্রপ (Eyedrops) থেকে চোখের মারাত্মক সংক্রমণ ছড়ানোর অভিযোগ তুলেছিল আমেরিকায়। মার্কিন সিডিসির অভিযোগ, ওই আইড্রপ থেকে চোখের সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। ড্রাগ-রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে যারা অ্য়ান্টিবায়োটিকেও মরে না। এখনও অবধি ওই আইড্রপ ব্যবহার করে চোখের সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্ধ হয়ে গেছেন ৮ জন।
মার্কিন সিডিসি-র দাবি, চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা হেলথকেয়ারের তৈরি আইড্রপ (Eyedrops) ইজরিকেয়ার আর্টিফিশিয়াল টিয়ারস (EzriCare Artificial Tears) নামে ওষুধটি থেকে চোখ ও রক্তের সংক্রমণ হচ্ছে। এই ওষুধটি থেকে এমন ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে যাতে চোখ ফুলে লাল হয়ে যাচ্ছে, রক্তেও সংক্রমণ ছড়াচ্ছে। এমনকি এই ওষুধ ব্যবহারে দৃষ্টি ঝাপসাও হয়েছে অনেকের। প্রায় ১১টি রাজ্যে এই ওষুধ থেকে চোখের সংক্রমণ ছড়ানোর খবর পাওয়ার পরেই আইড্রপটি নিষিদ্ধ করে দেয় সিডিসি।
কাশির ওষুধের ২২টি নমুনাতেই বিষ, নয়ডার কোম্পানিতে তালা লাগাতে চলেছে কেন্দ্র
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এই ওষুধটির উপাদানগুলো যাচাই করে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আইড্রপ থেকে চোখে সিউডোমোনাস অ্যারুগিনোসা (Pseudomonas aeruginosa,) নামে ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে। এই ধরনের ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুস, রক্তে সংক্রমণ ছড়ায়। তবে ওই ওষুধটি থেকে চোখেও এই প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে বলে খবর। শুধু তাই নয়, ব্যাকটেরিয়াটি ক্রমেই অ্য়ান্টিবায়োটিক প্রতিরোধী (Antibiotic Resistant) হয়ে উঠছে। মানে হল, অ্যান্টিবায়োটিক খেয়েও এই ব্যাকটেরিয়ার সংক্রমণ সারানো সম্ভব নয়।
চেন্নাইয়ের কাছে ওষুধপ্রস্তুতকারী সংস্থাটির কারখানা পরিদর্শন যাচ্ছেন আমেরিকান বিশেষজ্ঞ দল। ‘গ্লোবাল ফার্মা হেলথকেয়ার’ নামক ভারতীয় সংস্থাটি জানিয়েছে, যাতে সংক্রমণ না ছড়ায়, তাই ওই ড্রপগুলি তুলে নেওয়া হবে আমেরিকার বাজার থেকে।