
শেষ আপডেট: 9 November 2020 04:19
দ্য ওয়াল ব্যুরো : বহুদিন ধরেই করোনা সংক্রমণে বিশ্বে শীর্ষে আছে আমেরিকা। রবিবার জানা গেল, সেদেশে অতিমহামারীতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। এই প্রথম কোনও দেশে এতজন করোনায় আক্রান্ত হলেন। আমেরিকায় এখন কোভিডের থার্ড ওয়েভ চলছে। অতিমহামারী মোকাবিলায় ব্যর্থতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ। সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনকে শপথ নেওয়ার পরেই অতিমহামারীর চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
রবিবারই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৫ কোটি। গত ১০ দিনে আমেরিকায় সংক্রমিত হয়েছেন ১০ লক্ষ মানুষ। ২৯৩ দিন আগে আমেরিকার ওয়াশিংটনে প্রথম করোনা সংক্রমণের কথা জানা যায়। শনিবার আমেরিকায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৪২০ জন। গত সাতদিনে চারবার দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ১ লক্ষ। সাতদিনে রোজ গড়ে ১ লক্ষ ৫৬০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভারত ও ফ্রান্সের চেয়ে আমেরিকায় সংক্রমণের হার ২৯ শতাংশ বেশি।
আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৭ হাজার মানুষের। বিশ্বে যত মানুষ করোনায় মারা যাচ্ছেন, তাঁদের প্রতি ১১ জনের একজন আমেরিকান। শনিবার জানানো হয়েছে, তার আগের পাঁচদিনে রোজ ১ হাজারের বেশি মানুষ ওই রোগে মারা গিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, থার্ড ওয়েভ চলবে আরও চার থেকে ছয় সপ্তাহ।
জো বাইডেন বলেছেন, তিনি করোনা মোকাবিলায় তৈরি করবেন টাস্ক ফোর্স। আগামী সোমবার টাস্ক ফোর্সের সদস্যদের নাম ঘোষণা করা হবে। তাতে সহ সভাপতির পদে থাকতে পারেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিবেক মূর্তি। ৪৩ বছর বয়সী বিবেক কর্নাটক থেকে আমেরিকায় গিয়েছিলেন। ২০১৪ সালে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে আমেরিকার সার্জেন জেনারেল নিয়োগ করেন।
বিবেকের জন্ম ব্রিটেনে। ৩৭ বছর বয়সে তিনি সার্জেন জেনারেল হন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তাঁকে পদত্যাগ করতে বলা হয়। নির্বাচনে জয়ী হওয়ার পরে শনিবার রাতে বাইডেন ডেলাওয়ারের উইলমিংটন থেকে ভাষণ দেন। তিনি বলেন, "বাইডেন-হ্যারিস কোভিড প্ল্যান কার্যকর করার জন্য আগামী সোমবার আমি কয়েকজন উপদেষ্টার নাম ঘোষণা করব। তাঁদের মধ্যে বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা থাকবেন। কোভিড মোকাবিলায় তৈরি হবে অ্যাকশন ব্লু প্রিন্ট। কাজ শুরু হবে ২০২১ সালের ২০ জানুয়ারি।" টাস্ক ফোর্সের শীর্ষে কে থাকবেন, তা বাইডেন ঘোষণা করেননি।