দ্য ওয়াল ব্যুরো : আগামী ৫ নভেম্বর থেকে ইরানের ওপরে নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। কিন্তু ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সহ মোট আটটি দেশকে ইরান থেকে তেল কিনতে বাধা দেওয়া হবে না। আমেরিকার ট্রাম্প প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে।
ইরান যাতে পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র নির্মাণ বন্ধ করে দিতে বাধ্য হয়, সেজন্যই তার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আমেরিকার ধারণা, তেল বিক্রি বন্ধ করে দিলে বিপাকে পড়বে ইরানের অর্থনীতি। তখন বাধ্য হয়ে ইরান আমেরিকার সব কথা মেনে নেবে। কিন্তু ইরান থেকে যদি তেল বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তা হলে আন্তর্জাতিক বাজারে সংকট দেখা দেবে। হু হু করে বাড়বে তেলের দাম। তার জন্য সবাই দোষ দেবে আমেরিকাকে। সেজন্যই ভারত সহ আটটি দেশকে তেল কিনতে ছাড় দিচ্ছে আমেরিকা।
আমেরিকাকে এখন দুদিকের ভারসাম্য রাখতে হবে। একদিকে দেখতে হবে তেলের দর যেন খুব বেশি না বাড়ে। আবার নজর রাখতে হবে, ইরান যেন আন্তর্জাতিক বাজারে খুব বেশি তেলও বিক্রি না করতে পারে। কারণ তাহলে ইরানের ওপরে নিষেধাজ্ঞা জারি করা অর্থহীন হয়ে দাঁড়াবে।
আমেরিকা যে আটটি দেশকে ইরান থেকে তেল কিনতে ছাড় দিচ্ছে, তারাও ইচ্ছামতো পরিমাণে কিনতে পারবে না। ঠিক কী পরিমাণে তেল কিনতে ছাড় দেওয়া হবে, তা এখনও জানানো হয়নি। ছাড়ের শর্ত নিয়ে চিনের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। যে আটটি দেশ ইরান থেকে তেল কিনে পারবে, তার মধ্যে আছে চিনও।