
ফাইল ছবি
শেষ আপডেট: 3 October 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালেই উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং শুরু করল রাজ্য। জানা গিয়েছে মোট ১৪ হাজার ৫২ জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন।
ইতিমধ্যে শূন্যপদের তালিকাও কমিশন নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে। বৃহস্পতিবার থেকেই চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়েছে বলে খবর। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
নিয়োগ প্রক্রিয়া শেষের পর মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনের তরফে ১৪ হাজার ৫২ জনের নাম সামনে আনা হয়। কিন্তু পাঁচ বছর পর অর্থাৎ ২০২১ সালে কমিশনের তরফে জানানো হয় ওএমআর শিট পুনরায় মুল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এরপরই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। দীর্ঘ ৮ বছর পর গত অগস্টে জট কাটে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গত শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দেয় কমিশন। জানা গিয়েছিল ৩ ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে। সেই মতো বৃহস্পতিবার সকালেই শুরু কাউন্সেলিংয়ের কাজ। তবে কমিশনের তরফে আরও জানানো হয়েছে, পুজো মিটলে ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবরও ফের নিয়োগের কাউন্সেলিং করা হবে। বিধাননগরে এসএসসি অফিসেই হবে পুরো প্রক্রিয়া।
শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে বলে খবর। তবে পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য এটা বড় সুখবর হলেও চাকরিপ্রার্থীদের মনে আলাদা একটা অঙ্ক ঘুরপাক খাচ্ছে। কাউন্সেলিংয়ে আসা অনেক চাকরিপ্রার্থীরাই আশঙ্কা প্রকাশ করছেন সবকিছু ঠিকঠাক মিটবে তো? নাকি ফের আগের ভয়াবহ স্মৃতি ফিরে আসবে?
বৃহস্পতিবার এসএসসি ভবনে আসা চাকরিপ্রার্থীদের কথায়, ‘আগেই জীবন থেকে ১০ বছর চলে গিয়েছে। একাধিকবার কাউন্সেলিংয়ে ডেকেও লাভ হয়নি। তবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কাউন্সেলিং শুরু হয়েছে। তাই মনে হয় এবার চাকরি মিলবে।’
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানান, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকে টেট উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সেলিং হবে এই দফায়। মামলার জট কাটলে নিয়োগ প্রক্রিয়া শুরুর আশ্বাসও ইয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার পরের দিন কাউন্সেলিং শুরু হওয়ায় স্বস্তি মিলল ২০১৬ টেট উত্তীর্ণ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের।