দ্য ওয়াল ব্যুরো: এবার সরকারি বাংলো ছাড়তে হবে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের। এমনটায় রায় দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই মতো মুলায়ম, মায়বতী, অখিলেশ সবাইকেই সরকারি বাংলো ছাড়তে হবে।
শীর্ষ আদালতের বক্তব্য, কেউ মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পরে তাঁর সঙ্গে সাধারণ মানুষের কোনও তফাৎ থাকে না। তাঁরা সরকারি সম্পত্তির কোনও সুযোগ নিতে পারেন না। তবে তাঁদের নিরাপত্তার মতো কিছু বিশেষ সুবিধা দিতে পারে সরকার।
এই রায়ের ফলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি আবাস দেওয়ার আইনও বাতিল হয়ে গেল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী থাকার সময়, ২০১৬ সালে, অখিলেশ যাদব বিশেষ এই আইন করেছিলেন। এর আগে অফিস ছাড়ার ১৫ দিনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি আবাস ছেড়ে দিতে হত। ১৯৮১ সালে, ভি পি সিংয়ের কংগ্রেস সরকার তেমনই আইন প্রণয়ন করেছিল। কিন্তু সেই আইন মেনে নিতে আপত্তি ছিল সব দলেরই।
২০১৬ সালে, সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় উত্তরপ্রদেশের সব প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই তাঁদের সরকারি আবাস ছেড়ে দিতে হবে। সেই নির্দেশকে এড়াতেই অখিলেশ যাদব আইনে পরিবর্তন আনেন।
এরপরই এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করে লোকপ্রহরী নামে এক এনজিও। সেই মামলারই রায় দিল রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ।
অখিলেশের এই আইনকে কিন্তু আদালতে সমর্থন করেছিল যোগী আদিত্যনাথের বিজেপি সরকার। তাদের সব যুক্তিকেই উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট।