দ্য ওয়াল ব্যুরো: নতুন শাড়ি কিনে দেয়নি স্বামী। সেই রাগে নিজের ছ’মাসের শিশুকন্যাকে আছড়ে ফেলল মা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। শঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল মেয়েটিকে। আজ সকালে সেখানেই মৃত্যু হয়েছে তার।
ঘটনা রবিবারের। পুলিশ জানিয়েছে, নিজের সন্তানকে খুন করার অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম পিঙ্কি শর্মা। বয়স ২৫ বছর। তদন্তকারীরা জানিয়েছেন, আশ্চর্য এক কাঠিন্য রয়েছে পিঙ্কির মুখে। সন্তানকে খুন করার পরেও তার বিশেষ ভাবান্তর নেই। নতুন জামাকাপড় না পাওয়ার রাগ রয়েছে তখনও। তার সমস্ত অভিযোগ স্বামীর বিরুদ্ধেই।
আলিগড়ের একটি কারখানায় কাজ করতেন পিঙ্কির স্বামী রাহুল। জানিয়েছেন, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে তাঁর কাজ চলে যায়। সংসারে অভাব তীব্র। তার উপর মাস ছয়েকের মেয়ের দেখভালের জন্য খরচও কম ছিল না। তাঁদের আরও একটি ছেলে রযেছে। তার বয়স তিন বছর। এইসব কিছুই মেনে নিতে পারছিল না পিঙ্কি। ক্রমাগত নানা বিষয়ে চাপ দিচ্ছিল তাঁকে। সম্প্রতি নতুন দামি জামাকাপড়ের অশান্তি শুরু করেছিল। সেটা না দিতে পারায় সব রাগ গিয়ে পড়ে একরত্তির উপরে। কোল থেকে ছুঁড়ে ফেলে তাকে খুন করে পিঙ্কি।
পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ দায়ের করেছেন রাহুল। নিজের স্ত্রীর বিরুদ্ধেই খুনের অভিযোগ জানিয়েছেন তিনি।
পিঙ্কি-রাহুলের প্রতিবেশীরাও জানিয়েছে, ওই পরিবারে বিবাদ লেগেই থাকত। নিজের ছেলেকেও মারধর করত পিঙ্কি। বড়লোক হওয়ার ইচ্ছা চেপে বসেছিল তার। তদন্তকারীরা জানিয়েছেন, পিঙ্কিকে গ্রেফতার করা হয়েছে। তার মানসিক স্থিতিও ঠিক নয়। কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হতে পারে তাকে।