
শেষ আপডেট: 26 November 2022 03:03
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক বা নার্স নয়, নিদেন পক্ষে হাসপাতালে কোনও কর্মীও নয়। সরকারি হাসপাতালে ওয়ার্ডের ভিতর ঢুকে রোগীকে ইঞ্জেকশন দিয়ে দিলেন অ্যাম্বুলেন্স চালক (ambulance driver giving injection)! ঘটনার ভিডিও সামনে আসার পরেই হইচই পড়ে গেছে।
ঘটনাস্থল উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতাল (Government hospital)। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় ইন্টারনেটে। সেই ভিডিওতে দেখা যায়, বালিয়া হাসপাতালে ওয়ার্ডের ভিতরে ঢুকে এক রোগীকে ইঞ্জেকশন দিচ্ছেন অ্যাম্বুলেন্স চালক। জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২৩ নভেম্বর। ভিডিওটি প্রকাশ পেতেই চাঞ্চল্য ছড়ায়।
কে ওই অ্যাম্বুলেন্স চালক, কেমন ভাবেই বা তিনি হাসপাতালের ভিতরে ঢুকে এলেন? কেনই বা সম্পূর্ণ অনভিজ্ঞ একজন রোগীকে ইনজেকশন দিলেন? চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সেই সময় কোথায় ছিলেন? কার অনুমতি নিয়েই বা তিনি এমন কাজ করলেন? এই ধরনের একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ভিডিওটি (UP viral video) সামনে আসার পর থেকেই। বস্তুত, যোগীরাজ্যের বেহাল চিকিৎসা ব্যবস্থা আরও প্রকট হয়ে উঠেছে এই ঘটনার মাধ্যমে।
তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই তৎপর হয়ে ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই বিভাগে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন হাসপাতালে চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দিবাকর সিং। পুরো বিষয়টিতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি আশ্বাস দিয়েছেন, ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত দিন চারেক আগেই মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়েছিল রাস্তার একটি গরু। সারা আইসিইউ ওয়ার্ডে গরুটিকে ঘুরে বেড়াতে দেখা যায়, ডাস্টবিনে মুখ ঢুকিয়ে খাবার খেতেও দেখা যায়। সেই ঘটনারও ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। একের পর এক রাজ্যে এই ধরনের ঘটনায় সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পরিচারিকার সঙ্গে যৌনতার সময় মৃত্যু, দেহ প্লাস্টিকে মুড়ে ফেলে দিয়ে আসা হল জঙ্গলে