
শেষ আপডেট: 25 November 2022 11:15
দ্য ওয়াল ব্যুরো: 'রাগের মাথায়' এরকম হতেই পারে। ৩৫ কেন, আফতাব ৩৬ টুকরোও করতে পারত শ্রদ্ধার (Sraddha Walkar murder) দেহ! এমনটাই দাবি, উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশ কুমারের। যে শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় উত্তাল দেশ, সেই ঘটনায় নৃশংস খুনি আফতাবের (Aftab Amin Poonawala) প্রতিই সমর্থন জানিয়েছেন বিকাশ। শুধু তাই নয়, আফতাবকে সমর্থন করতে মুসলিম নামও নিয়েছেন তিনি (Pretended To Be Muslim)। ঘটনা সামনে আসার পরেই বিকাশকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বিকাশ কুমার নামে ওই যুবক উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। সম্প্রতি দিল্লির এক সাংবাদিকের কাছে লিভ-ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালার হাতে শ্রদ্ধা ওয়াকারের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে নিজেকে 'রশিদ খান' বলে পরিচয় দেন বিকাশ। পুরো ঘটনায় আফতাবের প্রতি সমর্থন প্রকাশ করে তিনি দাবি করেন, রাগের মাথায় এরকম ঘটনা ঘটতেই পারে, এটা তেমন কোনও বড় বিষয় নয়!
প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ ৩৫ টুকরো করে কেটে দিল্লির মেহরৌলির জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল আফতাব। পুরো বিষয়টাতে আফতাবকেই সমর্থন জানিয়েছেন বিকাশ কুমার। তাঁর দাবি, ৩৫ কেন, শ্রদ্ধাকে ৩৬ টুকরোও করতে পারত আফতাব। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনিও 'রাগের মাথায়' এমন কাজ করতে পারেন কিনা। বিকাশের জবাব, রেগে গেলে লোকে এরকম অনেক কিছুই করে, এটা আলাদা করে বড় কোনও বিষয় নয়।
এই ঘটনা সামনে আসার পরেই গ্রেফতার করা হয় বিকাশকে। বুলন্দশহরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্লোক কুমার জানিয়েছেন, এর আগেও অপরাধ করার রেকর্ড রয়েছে বিকাশের। বুলন্দশহর এবং নয়ডায় চুরি এবং বেআইনি অস্ত্র নিয়ে যাওয়ার মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে, জানিয়েছেন শ্লোক।
গ্রেফতার হওয়ার পর বিকাশের দাবি, এই সামান্য বিষয়ে এত অশান্তি হবে জানলে তিনি এমন কিছু করতেন না। তাঁর আরও দাবি, পুলিশি হেফাজত হোক বা জেল, তাঁকে মেরে ফেলা হবে।
প্রসঙ্গত, দিল্লিতে লিভ-ইন সঙ্গী ২৬ বছর বয়সি শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে খুন করার পর তাঁর দেহটি ৩৫টি টুকরোয় কেটে ফেলে ফ্রিজে ঢুকিয়ে রাখে প্রেমিক আফতাব আমিন পুনওয়ালা। তারপর ১৮ দিন ধরে একটু একটু করে মেহেরৌলির জঙ্গলে ফেলে দিয়ে আসে সে টুকরোগুলি। তদন্তে নেমে আফতাবকে গ্রেফতার করে পুলিশ। আজ শুক্রবার আফতাবের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে দিল্লির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। তাকে তদন্তকারীরা শ্রদ্ধার সঙ্গে যোগাযোগ, সম্পর্ক তৈরি হওয়া, একসঙ্গে থাকা এবং শ্রদ্ধাকে খুন করার পর প্রমাণ লোপাটের বিষয়ে মোট ৫০টি প্রশ্ন করেছেন। এখনও পর্যন্ত আফতাব তদন্তকারীদের সঙ্গে সহযোগিতাই করেছে বলে সূত্রের খবর।
হিন্দি প্রশ্নের উত্তর ঝরঝরে ইংরেজিতে! পলিগ্রাফ টেস্টে কী কী জিজ্ঞেস করা হল আফতাবকে