
শেষ আপডেট: 6 July 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে হাইওয়ের উপর শুয়ে ছিল এক ব্যক্তি। টহল দিতে এসেই তা চোখে পড়েছিল কর্তব্যরত পুলিশ কনস্টেবলের। ওই ব্যক্তিকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছিলেন তিনি। তখনই অত্যন্ত দ্রুতগতিতে এসে একটি টেম্পো ধাক্কা মারে তাঁকে (Constable Hit By Speeding Tempo)। ঘটনার জেরে মৃত্যু হয়েছে ওই কনস্টেবলের। আহত হয়েছেন আরও তিন পুলিশ কর্মী। মৃত্যু হয়েছে ওই মদ্যপ ব্যক্তিরও।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তরপ্রদেশের কানপুর জেলার আকবরপুর এলাকার একটি হাইওয়েতে। মৃত কনস্টেবলের নাম বিবেক কুমার। আহত ৩ পুলিশকর্মীরা হলেন সাব ইন্সপেক্টর মথুরা প্রসাদ, এবং কনস্টেবল সৌরভ কুমার। জানা গেছে, ওই ৪ পুলিশকর্মী রুটিন পেট্রলিংয়ে বেরিয়েছিলেন। সেই সময় তাঁদের চোখে পড়ে, হাইওয়ের উপর মাধাপুর ব্রিজের কাছে মদ্যপ অবস্থায় এক ব্যক্তি শুয়ে রয়েছেন।
বিপদ ঘটতে পারে সেই আশঙ্কা থেকেই গাড়ি দাঁড় করিয়ে চার পুলিশকর্মী ওই ব্যক্তিকে রাস্তা থেকে সরানোর জন্য এগিয়ে যান। বিবেক কুমার যখন তাঁকে টেনে তুলছিলেন ঠিক সেই সময় উল্টো দিক থেকে তীব্র গতিতে এসে তাঁদের ধাক্কা মারে একটি টেম্পো গাড়ি।
সঙ্গে সঙ্গে ব্রিজ থেকে নিচে পড়ে যান তিনি এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। অন্য ৩ পুলিশকর্মীর হাতে, পায়ে এবং কোমরে আঘাত লাগে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কনস্টেবল সৌরভ কুমারের আঘাত গুরুতর হওয়ায় পরে তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিবেক কুমারকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সি বিবেক সাহারানপুরের বাসিন্দা। ২০১৯ সালে তিনি পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে আকবরপুর থানায় তাঁর পোস্টিং ছিল।
ঘাতক ওই টেম্পোর চালক সুরেন্দ্র কুমার গুপ্তকে পরে গ্রেফতার করা হয়েছে। সে দিল্লির বাসিন্দা। তার টেম্পো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩০৪ এ, ৩৩৭ এবং ৩৩৮ ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
মাস্টারের মারে নাক ফাটল ক্লাস ফোরের ছাত্রের, উত্তরপাড়ার স্কুলে বিক্ষোভ