
ফাইল ছবি।
শেষ আপডেট: 7 April 2025 09:07
দ্য ওয়াল ব্যুরো: সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor) সভা ডেকেছেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। সেই বৈঠকের পাস বিলি নিয়ে এবার তুমুল অশান্তির পরিবেশ তৈরি হল নেতাজি ইনডোরের বাইরে।
চাকরিহারাদের একাংশের অভিযোগ, টাকার বিনিময়ে পাসও বিক্রি করা হয়েছে। যোগ্যদের বঞ্চিত করে ওই পাস দেওয়া হয়েছে অযোগ্যদের। এ নিয়ে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারাদের একাংশ। ঘটনার প্রতিবাদে তাঁরা নেতাজি ইনডোরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।
অন্যদিকে বৈঠকে যোগ দিতে রবিবার থেকেই শহিদ মিনারের সামনে হাজির হয়েছিলেন দূরদুরান্তের চাকরিহারারা। অভিযোগ, সোমবার সকালে কে বা কারা চাকরিহারাদের একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তবে ওই ব্যাগে পাস ছিল না। এনিয়ে চরম উত্তেজনা তৈরি হয়।
চাকরিহারাদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee। অন্যদিকে এই বৈঠক নিয়ে রবিবারই বড় অভিযোগ এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের অভিযোগ, "মুখ্যমন্ত্রী যখন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছেন তখন বিরোধীদের মদতে সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। বিভিন্ন সূত্র থেকে খবর আসছে, নানা প্রলোভনে গ্রুপ গ্রুপ করে লোক ঢুকিয়ে সভা বানচালের চেষ্টা হবে।"
কুণালের ওই অভিযোগের পর এদিন সকালে নেতাজি ইনডোরে যেভাবে পাস বিলি নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হয়, তাতে প্রশ্ন উঠছে কীভাবে যোগ্য অযোগ্য বাছাই করে পাস বিলি করা হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। তবে পর্যাপ্ত পরিমাণ পুলিশবাহিনীও রয়েছে ঘটনাস্থলে।
যোগ্য হিসেবে দাবি করা চাকরিহারাদের একাংশের অভিযোগ, বৈঠক বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন কোন পথে যোগ্য, অযোগ্য বাছাইয়ের পর্ব সম্পন্ন হয়, বৈঠক থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কী বার্তা দেন, চাকরিহারারাই বা কী বলেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।