
শেষ আপডেট: 3 April 2023 07:13
দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) পাঁচ জেলার কিছু এলাকার পরিস্থিতি এখনও থমথমে। রবিরার রাতে হুগলির রিষড়ায় গোলমাল হয়েছে।
শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের প্রথমসারির নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) সোমবার বলেছেন, এই দুই রাজ্যে গোলমাল আসলে বিজেপির (BJP) ষড়যন্ত্র। তাঁর কথায়, ভোটের স্বার্থে বিজেপি অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। ওরা যেখানে ভোটে সুবিধা করতে পারে না, সেখানেই হিংসার আশ্রয় নেয়।
এদিকে, বিহারের অশান্ত পাঁচ জেলার জনজীবন এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। পুলিশ অবশ্য দাবি করেছে অবস্থা নিয়ন্ত্রণে আছে। যদিও রবিবারও সাসারাম থেকে হিংসার খবর এসেছে। সেখানে একটি বিস্ফোরণের ঘটনায় একজন মারা গিয়েছে বলে খবর। মৃতের পরিচয় জানা যায়নি। রবিবারই সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা করার কথা ছিল যা গোলমালের কারণে আগেই বাতিল করা হয়।
তবে রামনবমী ঘিরে অশান্তির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর গত দু’দিনের সফর নিয়েও তেতে আছে বিহারের রাজনীতি। মুখ্যমন্ত্রী নীতীশ এবং রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখে শাহ উপদ্রুত এলাকায় আধা সেনা নামিয়েছেন। রবিবার জনসভায় কড়া নিন্দা করেছেন রাজ্য প্রশাসনের। জবাবে মুখ্যমন্ত্রী নীতীশ এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব পাল্টা অমিত শাহকে নিশানা করেন। জনতা দল ইউনাইটেড এবং আরজেডি নেতারা অশান্তির জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন।