
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 16 February 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: এখনও ভাঙ্গা হয়নি বিয়ের প্যান্ডেল। সদ্য সম্পর্ক শুরু হওয়া গন্ধ ভাসছে বাড়িতে। কিন্তু সেই গন্ধেই বিষাদ মিশে যাবে ভাবেননি কেউই। বিয়ের একদিন পরই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক।
মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন (৩২)। কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার ঘটনা। হঠাৎ মাথায় আকাশ ভেঙে পড়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর বর্মণের সঙ্গে গত দু'দিন আগেই নিউ কোচবিহার এলাকার তরুণীর বিয়ে হয়। তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিয়ের আসর বসে।
গতকাল ছিল বৌভাতের অনুষ্ঠান। আগের দিন বাড়ির সকলেই যে যার মতো ঘুমিয়ে পড়ে। সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের। খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ঠিক কী কারণে এ ধরনের ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।