
শেষ আপডেট: 27 January 2023 11:25
দ্য ওয়াল ব্যুরো: উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao rape case) অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে (Kuldeep Singh Sengar) মেয়ের বিয়ে উপলক্ষে ১৫ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল আদালত। কিন্তু তারপরেও শুক্রবার তার প্যারোলে মুক্ত থাকার সময়সীমা কমিয়ে দিল দিল্লি উচ্চ আদালত (Interim Bail Period Reduced)। বিচারপতি জানিয়েছেন, মেয়ের তিলকের অনুষ্ঠান মিটে যাওয়ার পরে আত্মসমর্পণ করতে হবে অভিযুক্তকে। এরপর বিয়ের অনুষ্ঠানের আগে ফের মুক্তি দেওয়া হবে তাকে।
২০১৭ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। বিচারে আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তারপর থেকে তিহার জেলেই বন্দি ছিল অভিযুক্ত। গত ১৬ জানুয়ারি মেয়ের বিয়ের জন্য প্রাক্তন বিজেপি নেতাকে ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দিয়েছিল দিল্লি হাইকোর্টের বিচারপতির একটি বেঞ্চ।
আদালতের সেই নির্দেশের পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উন্নাও কাণ্ডের নির্যাতিতা। তাঁর আশঙ্কা, প্যারোলে মুক্তি পেলে প্রভাব খাটিয়ে সাক্ষীদের ভয় দেখাবে কুলদীপ। এমনকী, তাঁর নিজেরও প্রাণ সংশয় হতে পারে বলে জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতা। এরপরেই শুক্রবার কুলদীপের একটানা ২ সপ্তাহ প্যারোলে মুক্ত থাকার সময়সীমা কমিয়ে দিল আদালত। বিচারপতিদের একটি বেঞ্চ জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি মেয়ের তিলকের অনুষ্ঠান মিটে যাওয়ার পর ১ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করতে হবে কুলদীপকে। এরপর ৮ তারিখ মেয়ের বিয়ে উপলক্ষে ৬ ফেব্রুয়ারি ফের মুক্তি দেওয়া হবে তাকে। ১০ তারিখ আবার তাকে ফিরতে হবে জেলে।
প্রসঙ্গত, ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপের বিরুদ্ধে। নির্যাতিতা বরাবরই তার বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখিয়ে প্রভাবিত করার অভিযোগ এনেছিলেন। ২০১৮ সালে হঠাতই অস্ত্র আইনে গ্রেফতার করা হয় নির্যাতিতার বাবাকে। জেল হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর। সেই ঘটনাতেও কুলদীপের জড়িত থাকার অভিযোগ ওঠে, যে মামলায় আদালত ২০২০ সালে অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। একই মামলায় কুলদীপের ভাই অতুল সিং সেঙ্গার সহ আরও ৫ জন অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল আদালত।