
শেষ আপডেট: 4 February 2024 21:03
দ্য ওয়াল ব্যুরো: এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড় বদল। প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এবার থাকবে 'ইউনিক সিরিয়াল নম্বর'। প্রতিটি প্রশ্নের ডানদিকে উপরে এই নম্বর থাকবে। পরীক্ষার্থীদের সেই নম্বর লিখতে হবে উত্তরপত্রে।
পর্ষদ সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁস আটকাতে কিংবা প্রশ্ন ফাঁস হলে দ্রুত যাতে পদক্ষেপ করা যায় সেজন্যই নতুন এই 'ইউনিক সিরিয়াল নম্বর’ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সংসদের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি হয়েছে। যেখানে পরীক্ষার্থীদের উত্তরপত্রে ইউনিক কোড আছে কিনা তা পরীক্ষা পরিদর্শকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদের তরফে জানানো হয়েছে, উত্তরপত্রের একটি নিদিষ্ট জায়গায় ইউনিক নম্বরটি লিখতে হবে। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা থাকবেন অর্থাৎ সেন্টার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেনু সুপারভাইসার এবং ইনভিজিলেটরদের পরীক্ষা শুরু আগেই এই বিষয়ে পরীক্ষার্থীদের বুঝিয়ে বলতে হবে।
উল্লেখ্য, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জাতীয় স্তরের পরীক্ষার ক্ষেত্রে এরকম ইউনিক কোডের ব্যবহার লক্ষ্য করা যায়। এবার তা উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে রাখছে সংসদও। এবছর প্রথমবার উচ্চমাধ্যমিকে এই কোডের ব্যবহার করা হবে বলে আগেই জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। নতুন এই পদ্ধতির মাধ্যমে পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের মতো কোনও ঘটনা ঘটলে তা দ্রুত বুঝতে পারবে সংসদ।
আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংসদ। সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে নিরাপত্তায়। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পরীক্ষায় নকল আটকাতে সংসদ একরকম বদ্ধপরিকর।