
শেষ আপডেট: 9 November 2023 13:32
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি বিধায়করা। ঘটনার জেরে বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার গ্রামে।
বুধবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিধিরামপুর গ্রামের একটি গাছ থেকে বিজেপি নেতা শুভদীপ মিশ্রর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঝুলন্ত দেহের হাত কেন পিছমোড়া করে বাঁধা, সেই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা।
তদন্তের গতি প্রকৃতি জানতে বৃহস্পতিবার সকালে নিধিরামপুর গ্রামে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁর সঙ্গে ছিলেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় ও শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। সেখানেই বাঁকুড়ার ডিএসপি (অ্যাডমিনিস্ট্রেশন) উত্তম মিশ্রর সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদ-বিধায়করা।
রীতিমতো আঙুল উঁচিয়ে ডিএসপির সঙ্গে বচসায় জড়ান তাঁরা। ঘটনার জেরে এলাকায় নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তবে এ বিষয়ে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এবারের পঞ্চায়েত ভোটে নিধিরামপুরের ২৫৭ নম্বর বুথ থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভদীপ। বিপুল জনপ্রিয়তা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কারণেই শাসকদল শুভদীপকে হত্যা করেছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বর।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনার ২৪ ঘণ্টা পরেও কোনও অভিযুক্ত কেন গ্রেফতার হয়নি, সেই প্রশ্ন তুলেই এদিন পুলিশ কর্তার সঙ্গে বচসায় জড়়ান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি বিধায়কেরা। তবে এ বিষয়ে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।