দ্য ওয়াল ব্যুরো : কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জনতার উদ্দেশে স্লোগান দিচ্ছেন, "দেশ কো গদ্দারোঁ কো...", জনতা স্লোগানের শেষাংশ বলছে, "গোলি মারো..."। তার মানে যারা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করে তাদের গুলি করে দাও। মন্ত্রীর এই স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নির্বাচনী অফিসার ওই জনসভা সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কিন্তু অনুরাগ ঠাকুরকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "আপনারা আগে পুরো ভিডিওটা দেখুন। তারপর মন্তব্য করবেন।" পরে তিনি বলেন, "দিল্লির জনতার মুড লক্ষ করুন।"
দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে ৮ ফেব্রুয়ারি। অনুরাগ ঠাকুর উত্তর-পশ্চিম দিল্লির রিথালা কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচার করছিলেন। তখনই তিনি বিতর্কিত স্লোগান দেন। 'দেশ কি গদ্দার' বলতে নাগরিকত্ব আইনেরত বিরোধীদের বোঝানো হয়েছে। এর আগেও একাধিক বিজেপি নেতা নাগরিকত্ব আইনের বিরোধীদের গদ্দার বলে উল্লেখ করেছেন।
অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী। আগামী শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ হবে। দেশের জিডিপি-র বিকাশের হার এখন উদ্বেগজনক হারে কম। বেকারত্ব গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বাজেটে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে নজর থাকবে সকলের। এর মধ্যে অনুরাগ ঠাকুরের ওই বিতর্কিত ভাষণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নানা মহলে। নির্বাচন কমিশনের অফিসাররা জানিয়েছেন, মন্ত্রীর ভাষণের ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে।
অনুরাগ ঠাকুর যে সভায় বিতর্কিত স্লোগান দেন, সেখানে পরে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই কেন্দ্রের প্রার্থী মনীশ চৌধুরিও সেখানে ছিলেন।
এর আগে বিজেপির আর এক প্রার্থী কপিল মিশ্রকেও নাগরিকত্ব আইনের বিরোধীদের গদ্দার বলতে শোনা যায়। তিনি বলেন, এবার দিল্লি ভোটে ভারত-পাকিস্তানের মধ্যে লড়াই হবে। শাহিনবাগের ধর্নামঞ্চকে তিনি বলেন 'মিনি পাকিস্তান'। তাঁকে ৪৮ ঘণ্টা ভাষণ দিতে নিষেধ করা হয়েছিল।
জেএনইউ-তে ছাত্রদের ওপরে হামলার সময়েও 'গোলি মারো' স্লোগান শোনা গিয়েছিল। ওই হামলায় ৩৪ জন আহত হন। দিল্লির ৭০ টি বিধানসভা আসনের ফল প্রকাশিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।