
১৫ জন নার্সকে পুরষ্কৃত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শেষ আপডেট: 11 September 2024 21:04
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসা পরিষেবায় অসামান্য কাজের জন্য ১৫ জন নার্সকে পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দায়িত্ব ও পেশার প্রতি অসামান্য প্রতিশ্রুতিবদ্ধতার জন্য এদিন ওই ১৫ জন নাসর্কে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিং গেল পুরস্কার প্রদান করা হয়।
রাষ্ট্রপতি বলেন, এরা আমাদের গর্ব। এদের দেখে আগামীদিনে বাকি নার্সরাও নিজেদের পেশার প্রতি তাঁদের অসামান্য দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। চিকিৎসা পরিষেবায় নার্সদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্যসেবার মেরুদণ্ড হলেন নার্সরা। তাঁরা যেভাবে চিকিৎসা পরিষেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তার জন্য কোনও প্রশংসায় যথেষ্ট নয়।
১৯৭৩ সালে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার চালু করা হয়। সেই থেকে প্রতি বছরই নার্সিং পেশার সঙ্গে যুক্তদের মধ্যে সেরা ১৫জনকে স্বীকৃতি প্রদান করে থাকে সরকার।
কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিতে নিযুক্ত নার্সিং কর্মীদের এই পুরস্কার দেওয়া হয়। সার্টিফিকেট, পদকের পাশাপাশি পুরস্কার প্রাপকদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে পুরস্কারও প্রদান করা হয় সরকারের তরফে।