দ্য ওয়াল ব্যুরো : হুয়া তো হুয়া। হয়েছে তো হয়েছে। তাতে কী হল? ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে এই সুরে মন্তব্য করেছিলেন, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের নেতা স্যাম পিত্রোদা। এই মন্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি। তাঁকে সতর্ক করে দেয় নিজের দল কংগ্রেসও। এরপরে শুক্রবার স্যাম পিত্রোদা ক্ষমা চাইলেন। তবে একইসঙ্গে জানিয়েছেন, তাঁর মন্তব্য ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। সামান্য কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে।
তাঁর কথায়, আমি বলতে চেয়েছিলাম, অতীতকে ভুলে এগিয়ে যাওয়া উচিত। আমাদের আলোচনার অন্যান্য বিষয় আছে। বিজেপি সরকার কী করেছে, তাদের দেওয়া প্রতিশ্রুতি কতদূর রাখতে পেরেছে, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। সেজন্য আমি দুঃখিত। আমি ক্ষমাপ্রার্থী।
এর আগে কংগ্রেস স্যাম পিত্রোদার বক্তব্য সম্পর্কে জানায়, কোনও ব্যক্তির মতামত নিশ্চয় পার্টির মত নয়।
দিল্লিতে ভোট হবে আর অল্পদিনের মধ্যেই। শিখ দাঙ্গায় দিল্লিই ক্ষতিগ্রস্ত হয়েছিল সবচেয়ে বেশি। ভোটের আগে বিজেপি সেই ইস্যুতে সমালোচনা করার সুযোগ পাওয়ায় স্পষ্টতই বিপাকে পড়েছে কংগ্রেস। দলের তরফে বলা হয়েছে, আমরা সব নেতাকে পরামর্শ দিচ্ছি, সতর্ক থাকুন। ১৯৮৪-র দাঙ্গায় ন্যায়বিচার করা হবে। ২০০২ সালের দাঙ্গাতেও ন্যায়বিচার করা হবে। বিজেপি ন্যায়বিচার নিয়ে আগ্রহী নয়। তারা দাঙ্গার কথা বলে ভোট পেতে চায়।
স্যাম পিত্রোদা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পরামর্শদাতা বলে পরিচিত। তিনি বিজেপির প্রচারের জবাব দিতে গিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন। বিজেপি প্রচার করছিল, শিখ দাঙ্গার তদন্তে যে নানাবতী কমিশন নিয়োগ করা হয়েছিল, তার রিপোর্টে আছে, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অফিস থেকেই খুন করার নির্দেশ দেওয়া হয়েছিল।
এই অভিযোগের জবাবে স্যাম পিত্রোদা বলেন, অব কেয়া হ্যায় ১৯৮৪ কা। আপনে কেয়া কিয়া পাঁচ সাল মে, উসকি বাত করিয়ে। ১৯৮৪ মে হুয়া তো হুয়া। আপনে কেয়া কিয়া?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই হল কংগ্রেসের চরিত্র আর মানসিকতার নমুনা। কংগ্রেস দীর্ঘকাল দেশ শাসন করেছে। তারা দেশের মানুষের প্রতি সহানুভূতিশীল নয়। বিজেপির দিল্লি শাখা দাবি জানায়, পুলিশকে স্যাম পিত্রোদার বিরুদ্ধে এফআইআর করতে হবে।
শিখ দেহরক্ষীদের হাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রায় ৩ হাজার মানুষ দাঙ্গায় নিহত হন। কংগ্রেসের বেশ কয়েকজন নেতার নামে অভিযোগ ওঠে, তাঁরা মারমুখী জনতাকে নেতৃত্ব দিয়েছেন। তার ৩৫ বছর বাদেও সেই দাঙ্গার কথা উঠছে দিল্লির নির্বাচনের আগে।