
শেষ আপডেট: 9 October 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া; পারিবারিক বিবাদের জের। ডোমজুড়ে এক শিশুকে অপহরণ করে তাকে খুনের পরিকল্পনা করেছিল কাকা। বিষয়টি জানতে পেরে তৎপরতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করল ডোমজুর থানার পুলিশ। রবিবার রাতে মালদা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়।
গত শুক্রবার ডোমজুর বেনিয়ারা গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের শিশুটি। শিশুটির বাবা অভিযোগ করেন, ভাই শাহ আলম মল্লিকই তাঁদের ছেলেকে অপহরণ করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে শাহ আলমের সঙ্গে তার বউয়ের ঝামেলা চলছিল। সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তার বউ। আর্থিক অনটন থাকায় মাঝেমধ্যেই দাদা বউদির কাছে টাকা চাইত শাহ আলম মল্লিক। বউয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে দিতে বলতো দাদা বৌদিকে। সম্প্রতি টাকা দিতে না চাওয়ায় ও ঝামেলা মেটাতে অস্বীকার করায় শত্রুতা তৈরি হয় দুই ভাইয়ের মধ্যে শত্রুতা তৈরি হয়। আক্রোশ গিয়ে পড়ে ভাইপোর ওপর।
পুলিশ জানিয়েছে, ভাইপোকে খুন করার পরিকল্পনা করেছিল আলম। তার আগেই অবশ্য তাকে গ্রেফতার করা সম্ভব হয়। ধৃত কবুল করে, দাদা বউদির সঙ্গে তার ঝামেলা চলছিল। শোধ তুলতে ভাইপোকে অপহরণ করে খুনের চক্রান্ত করেছিল সে। সোমবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ডোমজুর থানার পুলিশ। উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের ভূমিকায় খুশি শিশুর পরিবারের লোকজন।