
শেষ আপডেট: 17 April 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাস আটেক আগে আত্মঘাতী হয়েছিল ছেলে। বৃহস্পতিবার সকালে ঘর থেকে উদ্ধার হল মা-বাবা আর ঠাকুমার দেহ। ছেলের শোকেই এমন মর্মান্তিক পরিণতি বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনায় স্তব্ধ গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামের বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অনিমা নন্দী(৭৫), কাশীনাথ নন্দী(৫৫) ও মমতা নন্দী(৪২)। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, আট মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন। তিনি প্যারা মেডিক্যালের পড়ুয়া ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছিলেন পরিবারের সবাই।
পড়শিরা জানান, ওই মর্মান্তিক ঘটনার পরেই নিজেদের একেবারে গুটিয়ে নিয়েছিল গোটা পরিবার। কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। পুত্রশোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান।
এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢোকেন। তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন। হতভম্ভ হয়ে যান তাঁরা। গোঘাট থানায় খবর দেন। পুলিশ এসে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।