‘মেয়েকে মেরে ফেলুন, চিকিৎসা করাতে পারছি না, ওর যন্ত্রণা দেখতেও পারছি না,’ আদালতের দ্বারস্থ দিনমজুর বাবা
দ্য ওয়াল ব্যুরো: এক বছরের সুহানা। ফুটফুটে মেয়েটা জন্মের সময় থেকেই হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত। লাইফ সাপোর্টেই রয়েছে হাসপাতালে। দিনমজুর বাবার কাতর আবেদন, ‘‘এক বছরে ১২ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। দু’বেলা আর খাবার জুটছে না। চিকিৎসা করাব কী করে? হয়
শেষ আপডেট: 10 October 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: এক বছরের সুহানা। ফুটফুটে মেয়েটা জন্মের সময় থেকেই হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত। লাইফ সাপোর্টেই রয়েছে হাসপাতালে। দিনমজুর বাবার কাতর আবেদন, ‘‘এক বছরে ১২ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। দু’বেলা আর খাবার জুটছে না। চিকিৎসা করাব কী করে? হয় ওকে বাঁচান না হলে মেরে ফেলুন।’’
মর্মান্তিক এই ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। অন্ধ্রপ্রদেশের মদনপাল্লে টাউনের বাসিন্দা বাওয়াজন মেয়ের পরোক্ষ নিষ্কৃতি-মৃত্যুর আর্জি জানিয়ে আদালতে পিটিশন দাখিল করেছেন। বুকফাটা আর্তনাদ নিয়ে একই আবেদন মা শাবানারও। বলেছেন, ‘‘আমরাও চাই সন্তান বেঁচে থাকুক। কিন্তু ওকে বাঁচানোর সামর্থ্য যে নেই। তিলে তিলে যন্ত্রণা পেয়ে মেয়েটাকে মরতেও দেখতে পারছি না।’’
দিনমজুরি করে দিনে রোজগার হয় ওই ৩০০ টাকার মতো, তবে সবদিন সমান নয়, জানিয়েছেন বাওয়াজন। মেয়ে জন্মাবার পরেই ডাক্তাররা জানিয়ে দেন শিশুটি হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত। তার পর থেকেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে বাওয়াজন ও শাবানার। মদনপাল্লে ও বেঙ্গালুরুর একাধিক হাসপাতালে মেয়েকে নিয়ে ছোটেন। খরচ হয় লক্ষাধিক টাকা। বাওয়াজন জানিয়েছেন, মেয়ে সুহানা এখন লাইফ সাপোর্টে রয়েছে। ওর অবস্থার অবনতি হচ্ছে। যদি কারও সাহায্য পাই তাহলে হয়তো মেয়েটা বাঁচবে, না হলে ওকে নিষ্কৃতি দেওয়াই ভালো।
এত দিন অবধি কোমায় চলে যাওয়া রোগীর পরিজনেরা অনেক সময়ে চিকিৎসার খরচ টানতে না পেরে ব্যক্তিগত ভাবে জীবনদায়ী ব্যবস্থা খুলে নেওয়ার জন্য অনুরোধ করতেন চিকিৎসকদের। ব্যক্তিগত বোঝাপড়ায় অনেক সময়ে তা করাও হত। তবে পরোক্ষ নিষ্কৃতি-মৃত্যু আইনি ভাবে সিদ্ধ হওয়ার থেকে সেটা করতে হলে অনেকগুলো ধাপ পেরোতে হয়। অনেক সময়েই সিদ্ধান্ত গ্রহণে দেরিতে জটিলতা বাড়ার আশঙ্কাও থাকে। বাওয়াজন প্রার্থণা করছেন এই সময়ের মধ্যে যদি মেয়েটাকে বাঁচানো সম্ভব হয়।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%ad/