দ্য ওয়াল ব্যুরো : তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়। সিমলা চুক্তি মেনেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার কয়েকদিন পরে বিষয়টি নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুয়াত্রেস।
গত সোমবারই ভারত ঘোষণা করেছে, সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করা হচ্ছে। জম্মু-কাশ্মীরকে ভেঙে তৈরি হচ্ছে দু'টি স্বশাসিত অঞ্চল। পাকিস্তান একবাক্যে ভারত সরকারের এই পদক্ষেপকে একপেশে ও বেআইনি বলে মন্তব্য করে। তারা জানায়, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে সরব হবে।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুয়ারিক বলেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমরা যথাসাধ্য সংযত থাকার জন্য দু'পক্ষের কাছে আবেদন জানিয়েছি।
১৯৭২ সালে ভারত-পাকিস্তান চুক্তির কথা উল্লেখ করে স্টেফানি বলেন, তাতে বলা হয়েছিল, শান্তিপূর্ণ পথে জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। সেক্ষেত্রে মেনে চলতে হবে রাষ্ট্রপুঞ্জের সনদ। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের আবেদন, কোনও পক্ষই যেন এমন পদক্ষেপ না করে যাতে জম্মু-কাশ্মীরের ক্ষতি হয়। রাষ্ট্রপুঞ্জ তার সনদ অনুযায়ী জম্মু-কাশ্মীর নিয়ে অবস্থান নেবে।
রাষ্ট্রপুঞ্জ ঠিক কী অবস্থান নিতে চলেছে জানতে চাইলে স্টেফানি বিস্তারিত জানাননি। তবে কাশ্মীরে যেভাবে কড়াকড়ি করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, মহাসচিব এখন ভারত ও পাকিস্তান, দুই দেশের সঙ্গেই যোগাযোগ রেখে চলছেন। তবে কাশ্মীর নিয়ে তিনি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কোনও বিবৃতি দেবেন না।