
শেষ আপডেট: 2 April 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: উমেশ পাল (Umesh Pal) হত্যাকাণ্ডের ঘটনায় নয়া মোড়। এবার পুলিশের হাতে ধরা পড়ল আরও এক অভিযুক্ত। শুক্রবার মিরাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ধৃতের নাম আখলাক আহমেদ।
কে এই আখলাক?
পুলিশ সূত্রে খবর, গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের (Atiq Ahmed) শ্যালক এই আখলাক। গত ফেব্রুয়ারি মাসে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে খুন হন উমেশ পাল। সেই ঘটনায় আতিকের যোগ রয়েছে বলে পুলিশের অনুমান। একা আতিক নন, তাঁর বেশ কয়েকজন কাছের মানুষও জড়িত বলে পুলিশ তদন্তে জানতে পারে।
তাদের মধ্যেই ছিল আখলাক। এর আগেও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে খবর, উমেশ পাল হত্যাকাণ্ডে আখলাকের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে তাকে। অভিযোগ, শ্যুটারদের টাকা দিয়েছিল সে।
২০০৫ সালে বহুজন সমাজবাদী পার্টির সাংসদ রাজু পাল খুনের অন্যতম সাক্ষী ছিলেন উমেশ। ২০০৬ সালে এই উমেশকেই অপহরণ করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন আতিক। সম্প্রতি, সেই অপহরণের মামলায় আতিক ও আরও দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে প্রয়াগরাজ আদালত।
গত ২৪ ফেব্রুয়ারি নিজের বাড়ির সামনেই খুন হন উমেশ। গুলিবিদ্ধ হন তাঁর দুই দেহরক্ষীও। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁদের। উমেশ হত্যাকাণ্ডে পুলিশ এর আগেও বেশ কয়েকজন গ্রেফতার করেছে। পুলিশের হাত থেকে পালাতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুই অভিযুক্তের।
বিহারে ‘অতিসক্রিয়’ শাহ, নীতীশকে এড়িয়ে কেন্দ্রীয় বাহিনী নামালেন উপদ্রুত এলাকায়