দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই কোভিড টেস্টে পজিটিভ হয়েছিলেন বিজেপি নেত্রী উমা ভারতী। সোমবার তিনি হৃষিকেশে এইমসে ভর্তি হয়েছেন। গত শনিবার রাতে বিজেপি নেত্রী নিজে টুইট করে তাঁর কোভিড পজিটিভ হওয়ার কথা জানান। এইমসে কোভিড ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা চিকিৎসক মধুর উনিয়াল জানান, নেত্রী টুইট করার পর থেকেই তাঁকে এইমসে ভর্তি করার বন্দোবস্ত শুরু হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
কোভিডের বিষয়ে উমা ভারতী প্রথম থেকেই সতর্ক ছিলেন। এমনকি রামমন্দিরের ভূমিপুজোয় যাওয়ার আগে তিনি যোগী সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন, “আমি অযোধ্যায় যাব। তবে মূল অনুষ্ঠানের সময়ে আমি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব না। ওই সময়ে আমায় সরযূ নদীর তীরে বসার অনুমতি দেওয়া হোক।” তিনি বলেছিলেন “ভিড় কমলে আমি রামলালার দর্শন করে আসব।” যদিও পরে মত পাল্টে ভূমি পুজোতে উপস্থিত ছিলেন উমা ভারতী।
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাত জোড় করে উমা ভারতীকে স্বাগত জানাচ্ছেন। দু’জনেই মাস্ক পরে আছেন। পরে উমা ভারতী সংবাদ সংস্থাকে বলেন, “অযোধ্যা সকলকে ঐক্যবদ্ধ করেছে। এখন আমাদের দেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে বলতে পারবে, এখানে কারও প্রতি বৈষম্য করা হয় না।”
আগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ভাঙার মামলায় রায় দেবে বিশেষ সিবিআই কোর্ট। সেই মামলায় অন্যতম অভিযুক্ত উমা ভারতী। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকরা অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলে। ২৮ বছরের পুরানো সেই মামলায় রায় দেওয়ার দিন আদালতে উপস্থিত থাকবেন বর্ষীয়ান দুই বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলিমনোহর যোশি। উমা ভারতীরও সেদিন আদালতে উপস্থিত থাকার কথা ছিল।
আডবাণীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই পঞ্চদশ শতকের মসজিদটি ভেঙে ফেলার ষড়যন্ত্র করেছিলেন। করসেবকদের ধারণা ছিল, যেখানে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, সেখানেই জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র।
৯২ বছর বয়সী আডবাণী গত ২৪ জুলাই সিবিআই আদালতে তাঁর বয়ান নথিভুক্ত করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বক্তব্য পেশ করেন। তার আগের দিন আদালতে বিবৃতি দেন ৮৬ বছর বয়সী যোশি। দু’জনেই সব অভিযোগ অস্বীকার করেন।
জুলাই মাসে উমা ভারতী সংবাদ মাধ্যমকে বলেছিলেন, “ওই মামলায় রায় যাই হোক না কেন, তাঁর কিছু যায় আসে না। আমাকে যদি ফাঁসি দেওয়া হয়, আমি তাতে খুশিই হব।”