শেষ আপডেট: 5 November 2020 12:05
পশ্চিমবঙ্গের পাঁশকুড়ার বাসিন্দা সৌমেন বাজপেয়ী গত বছর ফেব্রুয়ারিতে নন্দনকাননে গিয়েছিলেন পাখি দেখতে, আর তখনই তিনি দেখা পান এই বিরল প্রজাতির কালো বাঘের। যদিও তিনি প্রথমে বাঘটিকে ঠিক বুঝতে পারেননি। তিনি বলেন, "আমি যখন গাছের পাখি, বানর দেখছিলাম তখনই হঠাৎ করে দেখতে পাই বাঘটিকে। তবে প্রথমে বুঝতে পারিনি ওটা মেলানিক বাঘ, কারণ সেই সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। বাঘটি জঙ্গল থেকে বের হয়ে এসে কয়েক সেকেন্ড দাঁড়ায় এবং তারপর আবার জঙ্গলে ফিরে যায়।"
২৭ বছর বয়সী সৌমেন খুব তাড়াতাড়ি নিজের ডিজিটাল ক্যামেরা দিয়ে কালো বাঘের কয়েকটা ছবি তুলে নিতে সচেষ্ট হন। তিনি বলেন, "আমি এর আগে অনেক বাঘ দেখেছি। বন্যবাঘ এবং চিড়িয়াখানাতে বন্দী বাঘ উভয়ই দেখেছি - তবে এই কালো বাঘ দেখার অভিজ্ঞতা একদমই আলাদা ছিল।"
এই কালো বাঘের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পরেই তা ভাইরাল হয়। নন্দনকাননের এই বাঘ সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, "১৯৯৩ সালে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে প্রথমবার এই মেলানিস্টিক বাঘের উপস্থিতির কথা জানা যায়। এরপর ২০০৭ সালে আবার রিপোর্ট করা হয় এই বাঘের সম্বন্ধে। এর কয়েক বছর পরে নন্দনকানন অভয়ারণ্যে বাঘটি চারটি বাচ্চা প্রসব করেছিল। এরমধ্যে দুটি ছিল মেলানিক।"
সমস্ত তথ্য এবং সূত্র অনুযায়ী জানা যায় যে পুরো ভারতে বর্তমানে এখন ছয় থেকে সাতটি মেলানিস্টিক বাঘ রয়েছে। যারা সকলেই রয়েছে বর্তমানে ওড়িশাতে।