
শেষ আপডেট: 21 August 2023 10:46
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় শুক্রবারই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দ্বিতীয় রিপোর্ট পাঠিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট নয় ইউজিসি (UGC is unsatisfied with Jadavpur university second report)। ফের যাদবপুরের কাছে রিপোর্ট চাইতে পারে তারা।
এদিন ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার বলেন, র্যাগিং খুব গুরুতর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ দেওয়া জন্য ইউজিসি বিধিমালা অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে।' তিনি আরও বলেন, ইউজিসি শিগগির যাদবপুরের কাছে বিশদ ব্যাখ্যা চেয়ে চিঠি চাইবে।
গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের কাছে ১৩ অগস্ট রিপোর্ট চেয়েছিল ইউজিসি। ১৪ তারিখ সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানায়, ওই রিপোর্টে 'সন্তুষ্ট' হয়েছে ইউজিসি। তাই বুধবার বিশ্ববিদ্যালয়ে তাদের যে প্রতিনিধি দলের আসার কথা ছিল, তা আসছে না।
কিন্তু বৃহস্পতিবার ফের ইউজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চায়। সেখানে ১২টি প্রশ্ন উল্লেখ করে দিয়েছিল ইউজিসি। বলা হয়েছিল, তথ্য প্রমাণ সহ ২৪ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়কে। ইউজিসির নির্দেশ মতো শুক্রবারই সেই রিপোর্ট পাঠানো হয়েছে বলে জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
কিন্তু সেই রিপোর্টেও সন্তুষ্ট হতে পারল না ইউজিসি। সোমবার নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন বুদ্ধদেব সাহু। সোমবার কাজে যোগ দিয়েই অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ডাকেন তিনি। সেই বৈঠকেই ইউজিসির রিপোর্ট নিয়ে কথা বলা হবে বলে জানানা, যাদবপুরের নতুন উপাচার্য।
আরও পড়ুন: যাদবপুরে সেই রাতে পুলিশকে কেন ঢুকতে দেওয়া হয়নি, বিশ্ববিদ্যালয়ের কাছে কৈফিয়ত চাইল হাইকোর্ট